মুখোশ পরে টায়ারে আগুন, নিষিদ্ধ ছাত্রলীগের সড়ক অবরোধের চেষ্টা

সড়কের ওপর টায়ারে আগুন দেওয়া হয়েছে। আজ ভোরে আনোয়ারার পিএবি সড়কের শোলকাটা এলাকায়ছবি: ভিডিও থেকে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারায় সড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। আজ মঙ্গলবার ভোর ছয়টার দিকে উপজেলার পিএবি (পটিয়া-আনোয়ারা-বাঁশখালী) সড়কের শোলকাটা এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোর ছয়টার দিকে নিষিদ্ধ ছাত্রলীগের কিছু নেতা-কর্মী সড়কে অবস্থান নেন। একপর্যায়ে তাঁরা সড়কের ওপর কয়েকটি টায়ার জ্বালিয়ে যান চলাচলে বাধা দেন। এ সময় স্লোগান দিতেও দেখা যায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীদের।

আরও পড়ুন

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, অবরোধের চেষ্টা করা নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীদের কারও মাথায় হেলমেট, কেউ মুখোশ পরে আছেন। সড়কে একাধিক টায়ার জ্বালিয়ে স্লোগান দিচ্ছেন তাঁরা। এতে সড়কের দুপাশে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে।

পুলিশ জানায়, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশের একটি দল। তবে এর আগেই নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা সরে যান। ফলে যান চলাচলও দ্রুত স্বাভাবিক হয়ে যায়।

জানতে চাইলে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ‘পুলিশ যাওয়ার আগেই তাঁরা সরে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। ঘটনার সঙ্গে কারা জড়িত, তা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’