খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা
খাগড়াছড়িতে নিউটন চাকমা ওরফে নির্মল (৪৭) নামের ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-প্রসীত খীসা) এক সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের জন্য ইউপিডিএফ-গণতান্ত্রিক পক্ষকে দায়ী করেছে ইউপিডিএফ-প্রসীত পক্ষ। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার খাগড়াছড়ি ইউনিয়নের আকবাড়ি এলাকায় একটি দোকানের পাশে নিউটনকে হত্যা করা হয়।
নিহত নিউটন রাঙামাটি সদর উপজেলার মগবান ইউনিয়নের গবঘোনা গ্রামের মৃত সোনাধন চাকমার ছেলে। তিনি খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার সদর ইউনিয়নের যৌথ খামার এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।
ইউপিডিএফ-প্রসীত পক্ষের মুখপাত্র অংগ্য মারমা বলেন, ‘আজ সকালে নিউটন চাকমাসহ ইউপিডিএফের দুজন সদস্য সাংগঠনিক কাজে আকবাড়ি এলাকায় যান। সেখানে অবস্থানকালে মাইসছড়ির দিক থেকে মোটরসাইকেলে করে আসা ৮ জনের একটি সশস্ত্র দল অতর্কিতে তাদের ওপর হামলা চালায়। হামলার সময় একজন পালিয়ে প্রাণে বাঁচলেও নিউটন চাকমা গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন।’
অংগ্য মারমা আরও বলেন,‘ইউপিডিএফ-গণতান্ত্রিক এই হত্যার সঙ্গে জড়িত। দলটির সদস্য অজিত চাকমার নেতৃত্বে এ হামলা চালানো হয়।’
তবে ইউপিডিএফ-গণতান্ত্রিক দলের কেন্দ্রীয় সংগঠক অমর জ্যোতি চাকমা এ ঘটনার সঙ্গে তাঁদের দলের সম্পৃক্ততা বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘এ ঘটনার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। এটি তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের ফল হতে পারে। পাহাড়ে অনেকগুলো সংগঠন আছে। তাদের কেউ এ ঘটনা ঘটাতে পারে।’
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে এবং লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছে। তিনি বলেন, লাশ উদ্ধারের পর তদন্তের মাধ্যমে হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটন করা হবে।
গত ২৭ মার্চ পানছড়ি উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে মারা যান ইউপিডিএফ-গণতান্ত্রিক দলের নেতা নীতিদত্ত চাকমা (৪০)। তিনি সংগঠনটির পানছড়ি উপজেলার সমন্বয়ক ছিলেন। এ ঘটনার জন্য ইউপিডিএফ-গণতান্ত্রিক ইউপিডিএফ–প্রসীত পক্ষকে দায়ী করেছে।
উল্লেখ্য, ২০১৭ সালের ১৫ নভেম্বর প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ ভেঙে একদল নেতা-কর্মী ইউপিডিএফ (গণতান্ত্রিক) নামের নতুন রাজনৈতিক দল গঠন করেন।