অদম্য রাসেলের বিশ্ববিদ্যালয়ে ভর্তির টাকা জোগাড় করা নিয়ে শঙ্কায় তাঁর সংগ্রামী মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাসেল মোড়ল
ছবি: প্রথম আলো

ছোট্ট একটা টিনের ছাপরা ঘরে মায়ের সঙ্গে রাসেল মোড়লের বসবাস। অধ্যবসায়ের জোরে দরিদ্রতাকে দূরে ঠেলে সেখান থেকেই আলো ছড়াচ্ছেন তিনি। এবারের খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে অ্যাগ্রো টেকনোলজি বিষয়ে ভর্তির সুযোগ পেয়েছেন। কিন্তু এখন তাঁর সামনে অন্ধকার। কারণ, পড়াশোনার খরচ দূরে থাক, বিশ্ববিদ্যালয়ে ভর্তির টাকা জোগাড়ই দুরুহ হয়ে পড়েছে রাসেল ও তাঁর মায়ের জন্য।

যশোরের কেশবপুর পৌর শহরের সাবদিয়া সরকারি কবরস্থানের পাশেই রাসেলদের বাড়ি। সেখানে মা রাশিদা খাতুনকে নিয়েই তাঁর সংসার। বাবা মোজাহার মোড়ল মারা গেছেন পাঁচ বছর আগে। বাড়ি বাড়ি কলসে পানি সরবরাহ আর গৃহপরিচারিকার কাজ করেই সংসার চালান রাশিদা।

রাসেল ছোটবেলা থেকেই অসাধারণ মেধাবী। বরাবরই লেখাপড়ায় আগ্রহ তাঁর। কেশবপুর সরকারি পাইলট উচ্চমাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে জিপিএ-৫ পাওয়ার পর কেশবপুর সরকারি ডিগ্রি কলেজ থেকে এইচএসসিতেও জিপিএ-৫ লাভ করেন এই অদম্য মেধাবী। অধ্যবসায় আর মেধার জোরে এত দূর এগিয়েও বিশ্ববিদ্যালয়ে ভর্তির টাকা জোগাড় করা নিয়ে শঙ্কায় পড়েছেন তিনি।

রাসেল বলেন, তাঁর মা সারা দিন কলসে বাড়ি বাড়ি পানি পৌঁছে দেন। পাঁচটি বাড়িতে গৃহপরিচারিকার কাজ করেন। রাতে বাড়ি ফিরে পায়ের ব্যথায় কাতর হয়ে পড়েন। সেই অবস্থায় কাকডাকা ভোরে বের হন আবার জীবনসংগ্রামে। তিনি আরও বলেন, অন্যের বাড়িতে কাজ করে মা তাঁকে বড় করছেন। তিনিও চান মাকে সুখী করতে। রাতে মা যখন বাসায় ফিরে পায়ের ব্যথায় কাতরান, তখন তাঁর মধ্যে অপরাধ কাজ করে। সন্তান হিসেবে মায়ের পাশে দাঁড়াতে পারছেন না। একটু সহায়তা পেলে মায়ের কষ্টময় জীবনকে সাধ্যমতো পাল্টে দিতে চান রাসেল।

রাশিদা খাতুন বলেন, এত দিন সন্তানকে তিনি অভাব বুঝতে দেননি। তিনি না খেয়ে সন্তানকে খাইয়েছেন। তাঁর একান্ত ইচ্ছা সন্তানকে পড়াবেন। লেখাপড়া শেষে বিসিএস অফিসার বানাবেন। সবার সহযোগিতা পেলে তবেই এটি সম্ভব হবে।