গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত, কোন ইউনিটের পরীক্ষা কবে

আসন্ন ২০২৬-২৭ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়েছেফাইল ছবি: প্রথম আলো

২০২৬-২৭ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত (জিএসটি) ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে অনলাইনে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সমন্বিত ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস এম হেমায়েত জাহান সভায় সভাপতিত্ব করেন। বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, ভর্তি পরীক্ষার স্বচ্ছ ও জবাবদিহিমূলক ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে। এ লক্ষ্যে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর মতামতকে গুরুত্ব দিয়ে বেশ কয়েকটি কমিটি গঠনের কাজ চলছে।

সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী বছরের ১৯ মার্চ ‘বি’ ইউনিটের (মানবিক) পরীক্ষার মাধ্যমে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হবে। এরপর ২০ মার্চ ‘সি’ ইউনিট (বাণিজ্য) ও ‘ডি’ ইউনিট (আর্কিটেকচার) এবং ২৭ মার্চ ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষা হবে। বেলা ১১টা থেকে দুপুর ১২টা ‘এ’, ‘বি’ ও ‘সি’ ইউনিটের পরীক্ষা এবং বেলা ৩টা থেকে ৪টা পর্যন্ত ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো হলো ইসলামী বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নওগাঁ বিশ্ববিদ্যালয়। এ ছাড়া আরও তিনটি নতুন বিশ্ববিদ্যালয় গুচ্ছে যুক্ত হওয়ার সম্ভাবনা আছে।