দুর্গাপুর পৌরসভার উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর প্রচার মাইক ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনা জেলার মানচিত্র

নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার উপনির্বাচনে স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী শুভেন্দু সরকারের নির্বাচনী প্রচার মাইক ভাঙচুর করা হয়েছে। সেই সঙ্গে পোস্টার ছিঁড়ে ফেলা, প্রচারে বাধা দেওয়া, মাইক বহনকারী রিকশাচালককে আওয়ামী লীগের প্রার্থী মো. আবদুস ছালামের কর্মী-সমর্থকেরা মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

আজ রোববার দুপুরে রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এসব লিখিত অভিযোগ দিয়েছেন শুভেন্দু সরকার।

লিখিত অভিযোগ ও জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার সন্ধ্যায় পৌরসভায় চরমোক্তারপাড়া এলাকায় শুভেন্দু সরকারের নির্বাচনী মাইক ভাঙচুর করা হয়েছে। মারধর করা হয়েছে প্রচার মাইক বহনকারী রিকশাচালককে। বিভিন্ন স্থানে সাঁটানো পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে। বাধা দেওয়া হয়েছে প্রচারে।

শুভেন্দু সরকার বলেন, ‘প্রতীক বরাদ্দ হওয়ার পর থেকেই আওয়ামী লীগের প্রার্থীর লোকজন আমার কর্মী-সমর্থকদের নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছেন। এ ছাড়া আমার পোস্টার ছিঁড়ে ফেলা, প্রচারে বাধা দেওয়া হচ্ছে। গতকাল শনিবার সন্ধ্যায় চরমোক্তারপাড়া এলাকায় আমার নির্বাচনী মাইক ভাঙচুর করে রিকশাচালক সিদ্দিক মিয়াকে মারধর করা হয়েছে।’

অভিযোগের বিষয়ে আওয়ামী লীগের প্রার্থী আবদুস ছালাম প্রথম আলোকে মুঠোফোনে বলেন, ‘এসব অভিযোগের কোনো ভিত্তি নেই। সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। শুভেন্দু সরকারের সঙ্গে আমার খুবই ভালো সম্পর্ক। শনিবারও প্রচার করতে গিয়ে কয়েক জায়গায় তাঁর সঙ্গে দেখা হয়েছে। আমি চেয়ে তাঁর কাছ থেকে পান খেয়েছি। আর আমার লোকজন বা কর্মী-সমর্থকেরা কেন তাঁর প্রচারে বাধা দিতে যাবে। সব প্রার্থীরই তো নির্বাচনী প্রচার চালানো গণতান্ত্রিক অধিকার আছে।’

গত ১৯ অক্টোবর দুর্গাপুর পৌরসভার মেয়র আলাল উদ্দিনের মৃত্যু হয়। এ শূন্য পদে ১২ জানুয়ারি উপনির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মেয়র পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন নৌকা প্রতীকের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র মো. আবদুস ছালাম, হাতপাখা প্রতীকের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুহাম্মদ আবদুল মান্নান ও নারিকেলগাছ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র শুভেন্দু সরকার।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কর্মকর্তা আবদুল লতিফ শেখ বলেন, একটি অভিযোগ পেয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মোট ভোটার সংখ্যা ২০ হাজার ৭৮১। এর মধ্যে ১০ হাজার ৬৬ জন পুরুষ ভোটার। নির্বাচন সুষ্ঠু ও সুন্দর করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।