রাজবাড়ীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই যুবক নিহত
রাজবাড়ী সদর উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে উপজেলার নিজাতপুর গ্রামে দুর্ঘটনায় তাঁরা আহত হন। বিকেলে ঢাকায় নেওয়ার পথে তাঁদের মৃত্যু হয়।
নিহত ব্যক্তিরা হলেন মিলন খান (৩০) ও ফকের মণ্ডল (৪৫)। তাঁদের মধ্যে মিলন উপজেলার দাদশী ইউনিয়নের ধুলদী কেষ্টপুর গ্রামের নজর আলী খানের ছেলে। আর ফকের একই ইউনিয়নের হোসনাবাদ গ্রামের আকবর মণ্ডলের ছেলে।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বেলা আড়াইটার দিকে মিলন ও ফকের মোটরসাইকেল নিয়ে উপজেলার কামালপুরের দিকে যাচ্ছিলেন। পথে নিজাতপুর গ্রামে স্থানীয় শাখাওয়াত হোসেনের বাড়ির সামনে পৌঁছানোর পর মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি আমগাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে মোটরসাইকেল আরোহী ওই দুই যুবক গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁদের ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁদের ঢাকায় স্থানান্তর করা হয়। বিকেলে ঢাকায় নেওয়ার সময় গোয়ালন্দ মোড় এলাকায় মিলন এবং ঢাকার গাবতলীতে ফকের মণ্ডল মারা যান।
সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রাশিদুল ইসলাম দুর্ঘটনায় নিহতের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
দাদশী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, মিলন স্থানীয় একটি সেলুনে কাজ করতেন। আর ফকের দিনমজুর ছিলেন। নিহত ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে কোনো আপত্তি না থাকায় লাশের ময়নাতদন্ত করা হয়নি। মিলনের দাফন সম্পন্ন হয়েছে। ফকেরকে কাল বুধবার দাফন করা হবে।