পতিত জমিতে শজনে চাষ, সংসারে সচ্ছলতা
দোলাপাড়া গ্রামের গিরিবালা, জয়মতি ও কানুবালাকে এখন আর ভাত-কাপড়ের চিন্তায় অস্থির হতে হয় না। ভোরে ছুটতে হয় না কাজের আশায় গৃহস্থের উঠানে। বাড়ির উঠান, আনাচকানাচ ও পতিত জায়গায় লাগানো শজনেগাছের ডাঁটা ও পাতা তাঁদের আয়ের উৎস। রংপুরের তারাগঞ্জ উপজেলায় দোলাপাড়া গ্রামের অবস্থান।
ওই গ্রামের নারীদের মতো উপজেলার দৌলতপুর, বেলতলী ও ইকরচালী এলাকার কয়েক শ নারী শজনেপাতা ও ডাঁটা বেঁচে প্রতি মাসে আয় করছেন পাঁচ-ছয় হাজার টাকা। সংসারে তাঁদের সচ্ছলতা ফিরেছে।
উপজেলা সদর থেকে দুই কিলোমিটার দূরে ডাঙ্গাপাড়া গ্রাম। গ্রামটিতে যাওয়ার পথে রাস্তার ধারে ও বাড়ির উঠানে পরিত্যক্ত জায়গায় সারি সারি শজনেগাছের বাগান চোখে পড়ে। কয়েকজন নারীর সঙ্গে কথা বলে জানা গেছে, দোলাপাড়া গ্রামে ২০২০ সালে জিটি মরিঙ্গা লিমিডেট নামের একটি প্রতিষ্ঠান বাণিজ্যিক ভিত্তিতে শজনের চাষ শুরু করে। বিষয়টি দেখে স্থানীয় কয়েকজন নারী ২০২১ সালে রাস্তার ধারে, বাড়ির উঠানের পরিত্যক্ত জায়গায় বাণিজ্যিকভাবে শজনে চাষ শুরু করেন। তাঁদের দেখে গ্রামের অন্যরাও শজনেপাতা ও ডাঁটা চাষে আগ্রহী হন।
উপজেলার কুর্শা ইউনিয়নের দোলাপাড়া গ্রামের গিরিবালা বলেন, ‘আগে শুধু শজনের ডাঁটা রান্না করে খেতাম। কিন্তু এখন পাতাও বিক্রি হয়। এক কেজি শজনেপাতা ৪০০ টাকা দরে কিনে নেয় কোম্পানি। কোনো খরচ নেই। শজনেপাতা বিক্রির টাকায় এখন আমার ভাত-কাপড় হয়।’
ওই গ্রামের হরিপ্রিয়ার স্বামী গণেশ চন্দ্র বয়সের ভারে ন্যুব্জ। পরিবারে আয়ের অন্য উৎস না থাকায় হরিপ্রিয়াকেই দিনমজুরি করতে হয়। দিনমজুরির পাশাপাশি এখন বাড়ির চারদিকে লাগানো শজনেগাছের ডাঁটা-পাতা থেকে তাঁর আয় হচ্ছে চার-পাঁচ হাজার টাকা। হরিপ্রিয়া বলেন, ‘গ্রামে জিটি মরিঙ্গা লিমিটেডের শজনেবাগানে কাজ করার সময় জানতে পারি, এক কেজি শজনেপাতা ৪০০ টাকা, কিন্তু আমরা তো আগে শজনেপাতা ফেলে দিতাম। তখন বাড়ির পাশের পতিত জায়গায় শজনেগাছ লাগাই। এখন ডাঁটা-পাতা বেঁচে ডাল-ভাত খেয়ে দিন যাচ্ছে।’
ওই গ্রামের আরেক গৃহবধূ স্বাধীনা বেগম বলেন, ‘বাড়িত আসি শজনেপাতা কিনি নিয়া যায় জিটি মরিঙ্গা কোম্পানির লোকজন। শজনা চাষে কোনো খরচ নাই, ওষুধপাতি লাগে না। গাছ লাগে থুইলে এমনিতে হয়। কওয়া চলে শজনেপাতা বেঁচে যে টাকা পাওছি, ওটা ফাউ কামাই।’
দোলাপাড়া গ্রামে প্রবেশমুখেই আমেনা বেগমের বাড়ি। বাড়ির পাশে লাগানো শজনেগাছে পাতা তুলতে ব্যস্ত তিনি। কথা হলে আমেনা বেগম বলেন, ‘বাড়ির কাইঞ্চাত ১৫টা শজনেগাছ নাগাছু। কোনো খরচ নাই, ওই শজনেগাছের ডাঁটা-পাতা বেঁচে বছরে ২৫ হাজার টাকার বেশি আয় করছি। মোর মতোন গ্রামের অন্যরাও শজনেপাতা বেঁচে বাড়তি আয় করোছে।’
উপসহকারী কৃষি কর্মকর্তা আবু সায়েম জানান, পুষ্টি বাগান প্রকল্পের আওতায়ও তারাগঞ্জের প্রতিটি বাড়িতে শজনে চাষের জন্য পরামর্শ দিয়ে আসছে কৃষি বিভাগ। উপজেলার ইকরচালী, কুর্শা দোলাপাড়া ও দৌলতপুর এলাকায় শজনের ব্যাপক চাষ হচ্ছে।
কুর্শা দোলাপাড়ায় অবস্থিত জিটি মরিঙ্গা লিমিডেটের দুই একরে শজনেবাগান রয়েছে। সেখানে কর্মরত সুপারভাইজার জহুরুল আলম জানান, দুই বছর আগে তাঁরা ওই গ্রামে শজনের চাষ শুরু করেন। সেখানে কাজ করতে আসা নারীরা তাঁদের কাছে প্রশিক্ষণ নিয়ে বসতবাড়ির উঠানে, পতিত জায়গায় শজনের চাষ করছেন। তাঁদের বাড়ি থেকে পাতা সংগ্রহ করে তা শুকিয়ে গুঁড়া করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করেন তাঁরা। এমনকি বিদেশেও চলে যাচ্ছে শজনেপাতার গুঁড়া।
উপজেলা কৃষি কর্মকর্তা ঊর্মি তাবাসসুম বলেন, বৈশাখ মাসে শজনেগাছ রোপণের আদর্শ সময়। পাঁচ ফুট লম্বা ডাল কাটিং করে এক ফুট গর্ত করে রোপণ করতে হয়। কোনোভাবে গোড়ায় পানি প্রবেশ করানো যাবে না। সারি থেকে সারির দূরত্ব ১০-১২ ফুট রাখতে হবে। তারাগঞ্জে কৃষি বিভাগের সহায়তায় শজনের চাষ বাড়ছে। পুষ্টিগুণে ভরা শজনেপাতা ও ডাঁটার সারা দেশে ব্যাপক চাহিদা রয়েছে।