হয়রানি বন্ধ ও ফ্লাইটের টিকিটের মূল্য কমানোর দাবি
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী ও লাগেজ চেক করার বিষয়ে কর্তৃপক্ষকে আরও আন্তরিক হওয়ার পরামর্শ দিয়েছেন সাধারণ যাত্রীরা। পাশাপাশি যাত্রী হয়রানি বন্ধ করে ভালো আচরণ এবং অভ্যন্তরীণ ফ্লাইটের টিকিটের মূল্য কমানোর দাবি জানিয়েছেন তাঁরা।
আজ সোমবার বেলা ১১টায় ওসমানী বিমানবন্দরের কনফারেন্স হলে যাত্রী হয়রানি লাঘবসহ উন্নত সেবা দেওয়ার লক্ষ্যে আয়োজিত গণশুনানিতে যাত্রীরা এসব দাবি তুলে ধরেন। প্রতি তিন মাস অন্তর উড়োজাহাজের যাত্রীদের নিয়ে গণশুনানির আয়োজন করে বিমানবন্দর কর্তৃপক্ষ।
শুনানিতে ১০ থেকে ১২ জন যাত্রী বিভিন্ন অভিযোগ করেন। মো. শফিক নামে এক যাত্রী বলেন, যুক্তরাজ্যে বিশ্ববিদ্যালয়পড়ুয়া দুই ছেলেকে নিয়ে তিনি দেশে বেড়াতে এসেছিলেন। দুপুরে তাঁদের ম্যানচেস্টারের উদ্দেশে প্লেনে ওঠার কথা। এর আগে যখন বিমানবন্দরে প্রবেশ করছিলেন, তখন প্রহরী তাঁর দুই ছেলেকে আটকে রাখেন। বাবা হিসেবে ছেলেদের সঙ্গে থাকার পরও তাঁদের অনেকক্ষণ দাঁড়িয়ে রাখা হয়। অথচ তাঁরা যে যুক্তরাজ্যপ্রবাসী যাত্রী, এটা দেখেই বোঝার কথা। বিমানবন্দরে এ রকম অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না হয়, সে বিষয়ে অনুরোধ জানান তিনি।
নাম প্রকাশ না করার শর্তে এক যাত্রী বলেন, ‘অন্যান্য দেশের বিমানবন্দরের মতো আমাদের দেশেও বিমানবন্দরগুলোতে উষ্ণ আতিথেয়তা লক্ষ্য করা যায়। তবে আরেকটু ভালো ব্যবহার সবাই আশা করেন। তদারকির নামে যেন বিমানবন্দরে যাত্রীদের হয়রানি না করা হয়, সেদিকে কর্তৃপক্ষকে আরও বেশি সতর্ক থাকতে হবে।’
শুনানিতে অংশ নেওয়া যাত্রীরা বলেন, প্লেনের ভাড়া হঠাৎ করে বাড়িয়ে দেওয়া হয়েছে। অনেক সময় অভ্যন্তরীণ ফ্লাইটের ভাড়া ৩ হাজার ৮০০ থেকে ৫ হাজারো হতে পারে। তাই বলে ১০ হাজার টাকা হতে পারে না। এটা যাত্রী হয়রানির অংশবিশেষ। এটা নিরসনে পদক্ষেপ নেওয়া জরুরি। ওসমানী বিমানবন্দরে যাত্রীর লাগেজ কাটার অভিযোগ আছে। যাত্রীদের বিভিন্ন প্রশ্নবাণেও জর্জরিত করা হয়।
গণশুনানিতে যাত্রীদের অভিযোগ শোনেন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমদ। তিনি প্রথম আলোকে বলেন, প্রতি তিন মাস পর যাত্রীদের নিয়ে এই গণশুনানির আয়োজন করা হয়। যাত্রীদের অভিযোগ শুনে যেসব সমস্যা তাৎক্ষণিক সমাধান করা যায়, সেগুলো সমাধান করার চেষ্টা করা হয়। অন্য অভিযোগের বিষয়ে যেসব পদক্ষেপ নেওয়া দরকার, সেসব পদক্ষেপ নেওয়া হয়।