২২ বছর পর মাকে খুঁজে পেয়ে সন্তানদের সেকি আনন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সন্ধান পাওয়ার পর পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের বোদাপাড়া এলাকায় বড় ছেলে ফজলুর হকের বাড়িতে আনা হয় মা মাজেদা খাতুনকে
ছবি: সংগৃহীত

মানসিক ভারসাম্য হারিয়ে ২০০১ সালে বাড়ি ছেড়েছিলেন মাজেদা খাতুন (৬৫)। এরপর স্বামী-সন্তানেরা বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি তাঁর। ইতিমধ্যে কেটে গেছে ২২ বছর। স্বামীরও মৃত্যু হয়েছে। অবশেষে এক আত্মীয় দাওয়াত খেতে গিয়ে মাজেদার সন্ধান পান। দীর্ঘ দুই দশক পর মায়ের সন্ধান পেয়ে উচ্ছ্বসিত সন্তানেরা।

মাজেদা খাতুন পঞ্চগড় সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের বোদাপাড়া এলাকার প্রয়াত বছির উদ্দীনের স্ত্রী। তাঁদের চার ছেলে ও চার মেয়ে।

শুক্রবার রাতে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়নের ইসলামবাগ এলাকার আফাজ উদ্দিনের বাড়িতে মাজেদার সন্ধান পাওয়া যায়। তিনি প্রায় তিন বছর ধরে ওই বাড়িতে ছিলেন বলে জানা গেছে। তবে এর আগের বছরগুলো তিনি কোথায় ছিলেন, তা কেউই বলতে পারছেন না।

খুঁজে পাওয়ার পর মাজেদা খাতুনকে বোদাপাড়া এলাকায় বড় ছেলে ফজলুল হকের বাড়িতে নেওয়ার পর থেকেই আশপাশের গ্রামের লোকজন ও স্বজনেরা তাঁকে দেখতে ভিড় করছেন। তবে তিনি কারও সঙ্গেই তেমন কথা বলছেন না। বড় দুই মেয়ে ও বড় ছেলে ছাড়া অন্যদের চিনতেও পারছেন না তিনি।

মাজেদার বড় ছেলে ও সাতমেরা ইউনিয়ন পরিষদের (ইউপি) গ্রাম পুলিশ সদস্য ফজলুল হক প্রথম আলোকে বলেন, তাঁরা চার ভাই ও চার বোন। তাঁর বাবা বছির উদ্দীনের আগের স্ত্রী মারা যাওয়ার পর মা মাজেদাকে বিয়ে করেছিলেন। বড় মায়ের তিন ছেলে, দুই মেয়ে ও তাঁদের আট ভাই–বোনকে মাজেদা মানুষ করছিলেন। তাঁরা কিছুটা বড় হওয়ার পর মাজেদা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। প্রায়ই বাড়ি থেকে বের হয়ে যেতেন। তাঁকে আবার ফিরিয়ে আনতেন তাঁরা। ওই সময় মাজেদা অসুস্থ হয়ে পড়লে তাঁদের বাবা আবার বিয়ে করেন। তাঁর ছোট মায়ের দুই ছেলে ও দুই মেয়ে আছেন।

ফজলুল হক বলেন, ‘আমার বিয়ের ঠিক এক বছর পর ২০০১ সালে মা এক দিন বাড়ি থেকে চলে যান। এরপর বাবাসহ আমরা অনেক খুঁজেছি, কিন্তু কোথাও সন্ধান পাইনি। ভেবেছিলাম, মা হয়তো আর বেঁচে নেই। কয়েক দিন আগে আমাদের এলাকার এক নারী তেঁতুলিয়ার ইসলামবাগ এলাকায় আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেতে গিয়ে মাকে দেখেন। পরে তিনি আমাদের জানালে আমরা মাকে ‍খুঁজতে যাই। পরে সেখানে একটি বাড়িতে মাকে খুঁজে পাই। মা এখন নিজের নামটাও বলতে পারেন না। কিন্তু মাকে খুঁজে পেয়েছি, এটাই অনেক বড় বিষয়। এটাই অনেক আনন্দের। বাবা বেঁচে থাকলে হয়তো অনেক খুশি হতেন।’

মাজেদাকে খুঁজে পাওয়া বাড়ির মালিক আফাজ উদ্দিনের নাতনি জাকিয়া আক্তার বলেন, প্রায় তিন বছর ধরে ওই নারী তাঁদের বাড়িতে আছেন। তবে তিনি নিজের নাম ও বাড়ির ঠিকানা সঠিকভাবে বলতে পারেননি। তিন বছর আগে তাঁরা পরিবারের সবাই মিলে বাড়ির পাশে নদীর পাড়ে বেড়াতে গিয়েছিলেন। সেখানে ওই নারীকে একা বসে থাকতে দেখে তাঁরা বাড়িতে নিয়ে আসেন। তখন থেকেই তিনি তাঁদের সঙ্গে পরিবারের সদস্যের মতোই ছিলেন। তাঁকে বিদায় দিয়ে খুবই খারাপ লাগছে।

সাতমেরা ইউপির ৯ নম্বর ওয়ার্ডের সদস্য জহিরুল ইসলাম বলেন, মাজেদা খাতুনদের সঙ্গে তাঁর আত্মীয়তার সম্পর্ক আছে। গতকাল রাতে খবর পেয়ে তাঁরা তাঁকে তেঁতুলিয়া থেকে নিয়ে এসেছেন। এর পর থেকেই তাঁর ছেলে–মেয়ে, নাতি-নাতনিদের আনন্দের সীমা নেই। তিনি মানসিকভাবে অসুস্থ। তাঁর চিকিৎসা প্রয়োজন। ইউপি থেকে তাঁরা তাঁর পাশে থাকার চেষ্টা করবেন।