বরিশাল বিভাগে পল্লী বিদ্যুতের অন্তত ১৫ লাখ গ্রাহক এখনো বিদ্যুৎ–বিচ্ছিন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝালকাঠির বিভিন্ন এলাকায় গাছ উপড়ে বিদ্যুতের সঞ্চালন লাইনের ওপর পড়েছে। আজ সকালে পৌর শহরের কিফাইত নগর এলাকায়
ছবি: প্রথম আলো

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ঝোড়ো হাওয়া ও প্রবল বর্ষণে বরিশাল বিভাগের অন্তত ১৫ লাখ পল্লী বিদ্যুতের (আরইবি) গ্রাহক এখনো বিদ্যুৎ–বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। সরবরাহ লাইনের ওপর গাছের ডালপালা ভেঙে পড়ায় বিভাগের সব কটি জেলায় পল্লী বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে যায়। এতে পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইন, যন্ত্রপাতি ও অবকাঠামোরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে আর্থিক ক্ষতি হয়েছে প্রায় ২ কোটি ৯৬ লাখ টাকার।

আরইবির বিভাগীয় কর্মকর্তারা জানান, সরবরাহ লাইন সচল করার কাজ চলছে। তবে বিভাগের পুরো বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে সময় লাগবে। বরিশাল বিভাগের ছয় জেলায় ছয়টি সমিতির আওতায় ২৩ লাখ ৬৯ হাজার ৯৬৬ জন গ্রাহক রয়েছে। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে রোববার থেকেই বৈরী আবহাওয়া ও প্রবল বর্ষণে পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইন, স্টেশনসহ অন্যান্য অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। এতে বিভাগের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে যায়। এ কারণে তিন দিন ধরে এসব গ্রাহক বিদ্যুৎবিহীন অবস্থায় আছেন।

তবে আজ সকাল থেকে এসব লাইন মেরামত করছেন পল্লী বিদ্যুতের কর্মী ও প্রকৌশলীরা। একই সঙ্গে ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় ভেঙে ও উপড়ে পড়া গাছ অপসারণ করা হচ্ছে। এতে মঙ্গলবার বিকেল পর্যন্ত প্রায় ৪০ ভাগ গ্রাহকের বিদ্যুৎ–সংযোগ সচল করা গেলেও এখনো ৬০ ভাগ গ্রাহক অন্ধকারে।

পল্লী বিদ্যুতের বরিশাল বিভাগীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কার্যালয় সূত্র জানায়, ঘূর্ণিঝড়ে গাছ উপড়ে পড়ে সরবরাহ লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে। এর মধ্যে ৩৩২টি পুল বিধ্বস্ত হয়েছে। এ ছাড়া ক্রস আর্ম ভেঙে গেছে ৫৮২টি, ট্রান্সফরমার অকেজো হয়েছে ১১৯টি, ৩ হাজার ৮৩টি স্থানে সঞ্চালন লাইনের তার ছিঁড়ে গেছে, মিটার অকেজো হয়েছে ৪৯৫টি এবং ইনস্যুলেটর ক্র্যাক হয়েছে ৪৯৫টি। এতে আর্থিক ক্ষতির হয়েছে ২ কোটি ৯৬ লাখ টাকা।

এদিকে বিদ্যুৎ না থাকায় অন্তত ১৫ লাখ গ্রাহক এখনো অন্ধকারে রয়েছে। ফলে এসব এলাকার মানুষের জীবনযাত্রা থমকে আছে। বিদ্যুৎ না থাকায় এসব এলাকায় ইন্টারনেট পরিষেবাও ব্যাহত হচ্ছে। যেসব এলাকায় আজ দুপুরের পর বিদ্যুৎ সরবরাহ সচল হয়েছে, সেসব এলাকাতেও ঘন ঘন বিদ্যুৎ আসা-যাওয়া করছে।

বরগুনার তালতলী-আমতলী সড়কে একটি বৈদ্যুতিক খুঁটি হেলে পড়েছে
ছবি: প্রথম আলো

গত দুই দিন বরগুনায় টানা বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পর আজ সকাল থেকে ঝলমলে রোদের দেখা মিলেছে। কিন্তু ১৭ ঘণ্টায়ও বিদ্যুৎ–সংযোগের দেখা পাননি পল্লী বিদ্যুতের গ্রাহকেরা।

বরগুনার তালতলী উপজেলার বিদ্যুৎ গ্রাহক শহিদুল ইসলাম বলেন, গত রোববার দিবাগত রাত দুইটার দিকে পুরো উপজেলার বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর আজ বেলা দুইটার দিকে তা পুনরায় সচল হলেও ঘন ঘন বিদ্যুৎ আসা-যাওয়ার করছে।

পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় বরগুনা জেলায় আজ বিকেল পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি চালু হয়নি। ফলে এই জেলার পল্লী বিদ্যুৎ গ্রাহকেরা চরম ভোগান্তিতে আছেন।

বরগুনা পল্লী বিদ্যুৎ কার্যালয়ের উপমহাব্যবস্থাপক আকবর আলী শেখ বলেন, ঝোড়ো বাতাসের কারণে বিদ্যুৎ লাইনে ত্রুটি দেখা দিয়েছে। বিভিন্ন এলাকায় লাইনের ওপর গাছ পড়ে আছে। সেগুলো পুরোপুরি অপসারণ করা না হলে বিদ্যুৎ সরবরাহ চালু করা যাচ্ছে না। ইতিমধ্যে বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ হয়েছে। অল্প সময়ের মধ্যে এ সমস্যা সমাধান হবে বলে আশা করছেন তিনি।

পল্লী বিদ্যুতের বরিশাল বিভাগীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী দীপঙ্কর মণ্ডল প্রথম আলোকে বলেন, ‘ঝড়ে আমাদের অঞ্চলের পল্লী বিদ্যুতের পুরো নেটওয়ার্ক বিকল হয়ে গেছে। আমরা কাজ করে মঙ্গলবার ৪০ ভাগ এলাকায় বিদ্যুৎ সচল করেছি। বাকিটা সচল করতে আমরা কাজ করে যাচ্ছি। লাইনের ওপর অসংখ্য গাছ পড়েছে। সেগুলো অপসারণ করতে বেগ পেতে হচ্ছে। ফায়ার সার্ভিসের সহায়তায় সেগুলো অপসারণ করা হচ্ছে। এতে সময় লাগছে।’