বাউফলে স্ত্রীকে উত্ত্যক্ত, প্রতিবাদ করায় স্বামী ও বাবাকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলায় স্ত্রীকে (১৯) উত্ত্যক্তের প্রতিবাদ করায় স্বামী (২৩) ও বাবাকে (৪৮) কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। আহত দুই ব্যক্তির মধ্যে ওই গৃহবধূর বাবাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবার রাত পৌনে নয়টার দিকে উপজেলার দাসপাড়া ইউনিয়নের বান্দের বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও আহত দুই ব্যক্তির স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত মঙ্গলবার একটি বিয়ের অনুষ্ঠানে ওই গৃহবধূকে উত্ত্যক্ত করেন স্থানীয় নাসির মৃধার ছেলে মো. মিরাজ হোসেন (১৮)। বিষয়টি ওই গৃহবধূ তাঁর বাবা ও স্বামীকে জানান। ওই গৃহবধূর বাবা বিষয়টি নাসিরকে জানান। নাসির ছেলের পক্ষ নিয়ে তাঁর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। এতে ক্ষুব্ধ হন ওই গৃহবধূর স্বামী। তিনি বিষয়টি বান্দের বাজার এলাকায় বসে উত্তেজিত হয়ে মুঠোফোনে একজনকে জানাচ্ছিলেন। ওই সময় নাসিরের নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল দেশি অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তাঁদের ওপর হামলা চালিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে গুরুতর জখম করে চলে যায়।

স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ওই গৃহবধূর বাবার অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে নাসিরের মুঠোফোনে ফোন করলে তিনি রিসিভ করে অসুস্থ বলে ভাই মো. বাবলুর সঙ্গে কথা বলতে বলেন। তিনি (বাবলু) ওই মুঠোফোনে বলেন, আজকে (বুধবার) সকালে ওই গৃহবধূর বাবার নেতৃত্বে কয়েকজন তাঁর ভাতিজা মিরাজকে মারধর করেন। এ ঘটনার জেরে রাতে দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। রাতের মারামারির ঘটনায় সাইদুল (২৫), মো. চান মিয়া (৫০) ও মো. নাসির (৩০) নামের তিনজন আহত হয়েছেন। তবে ওই গৃহবধূর বাবা ও স্বামীকে কুপিয়ে জখম করার ঘটনায় নাসির ও মিরাজ জড়িত নন।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ টি এম আরিচুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।