সকাল থেকেই ফটকের সামনে শিক্ষার্থীদের ভিড়। সারি বেঁধে ফটক দিয়ে ভেতরে ঢুকছে শিক্ষার্থীরা। এরপর বন্ধুদের সঙ্গে কেউ তুলছে ছবি, কেউ চড়ছে রাইডে। আজ রোববার সকালে এমনই চিত্র দেখা যায় চট্টগ্রাম নগরের ফয়’স লেক অ্যামিউজমেন্ট পার্কে। ‘শিখো-প্রথম আলো জিপিএ-৫ কৃতী সংবর্ধনা ২০২৬’ অনুষ্ঠানে অংশ নিতে পার্কটিতে ভিড় করেছে শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে যোগ দিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলছিল তাসফিয়া জান্নাত। বাংলাদেশ মহিলা সমিতি উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে এবার জিপিএ-৫ পেয়েছে সে।
জানতে চাইলে তাসফিয়া বলে, ফল প্রকাশের পর থেকেই তার সামনে নতুন স্বপ্ন—ভবিষ্যতে চিকিৎসক হওয়া। সেই লক্ষ্যেই নিজেকে গড়ে তুলছে। আজ অনুষ্ঠানে এসেছে গুণীজনদের আলাপ শুনতে। আলাপে নিজের স্বপ্নের দিকে এগিয়ে যাওয়ার প্রেরণা মিলবে—এমনটাই প্রত্যাশা তার। সে বলে, ‘আজ কোনো পড়ালেখা নয়, বন্ধুদের সঙ্গে আনন্দে সময় কাটাতে চাই।’
‘স্বপ্ন দেখো, জীবন গড়ো’ স্লোগানে সারা দেশের ৬৪টি জেলায় প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় শুরু হয়েছে এসএসসিতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান। আজ চট্টগ্রাম পর্বের মধ্য দিয়ে শুরু হয়েছে এ বছরের আয়োজন। পর্যাক্রমে সারা দেশে অনুষ্ঠিত হবে এই সংবর্ধনা।
প্রথম আলো যাত্রার শুরু থেকেই নতুন প্রজন্মের কৃতী শিক্ষার্থীদের উৎসাহিত, অনুপ্রাণিত করতে সংবর্ধনা দিয়ে আসছে। ১৯৯৯ সালে মেধাতালিকায় সেরাদের সংবর্ধনা দেওয়া শুরু হয়েছিল। জিপিএ পদ্ধতি শুরুর পর ২০০১ সাল থেকে চলছে সারা দেশে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়ার এই আয়োজন।
গত ১০ আগস্ট চট্টগ্রাম বোর্ডের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এসএসসিতে এবার পাসের হার ৫৯ দশমিক ৪৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৬৯৮ জন। গত ১০ সেপ্টেম্বর পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশের পর নতুন করে ৮৩ জন জিপিএ-৫ পেয়েছে। অর্থাৎ চট্টগ্রাম বোর্ডে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৭৮১।
চট্টগ্রাম পর্বের উৎসবে অংশ নিতে নিবন্ধন করেছে সাড়ে ছয় হাজারের বেশি শিক্ষার্থী। সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে দিনব্যাপী আয়োজনে পুরো পার্ক ঘোরার পাশাপাশি থাকছে সাংস্কৃতিক পর্ব; তারকা ও বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ।
অনুষ্ঠানের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে বেলা দেড়টায়। জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হবে আনুষ্ঠানিকতা। এরপর মঞ্চে বক্তব্য দেবেন বিশিষ্টজনেরা। শিক্ষক, গবেষকের পাশাপাশি বক্তব্য দেবেন এভারেস্টজয়ী পর্বতারোহী এম এ মুহিত ও বাবর আলী, অভিনেতা তৌসিফ মাহবুব, খায়রুল বাশার ও অভিনেত্রী কেয়া পায়েল। গানে গানে মঞ্চ মাতাবেন ব্যান্ডদল তীরন্দাজ ও সংগীতশিল্পী তানভীর ইভান।
এবারের অনুষ্ঠানটি পাওয়ার্ড বাই বিকাশ। সহযোগিতায় রয়েছে কনকর্ড গ্রুপ, ফ্রেশ, সেভয় আইসক্রিম, কনকা-গ্রী, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, কোয়ালিটি গ্রুপ, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, জিংক বি, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ শাখা ক্যাম্পাস, আম্বার আইটি লিমিটেড, এটিএন বাংলা এবং প্রথম আলো বন্ধুসভা।