পুঠিয়ায় অধ্যক্ষকে মারধর, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মারধর
প্রতীকী ছবি

রাজশাহীর পুঠিয়া উপজেলায় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষকে এক শিক্ষার্থীর বাবা ও মামা মিলে মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার বেলা ২টার দিকে উপজেলার সাধনপুর স্কুল অ্যান্ড কলেজে অধ্যক্ষের কক্ষে মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় করা মামলায় বৃহস্পতিবার রাতে অভিযুক্ত রনি নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাধনপুর স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির এক শিক্ষার্থী স্থানীয় বখাটেদের সঙ্গে চলাফেরা করে। প্রায়ই সে বেঞ্চ, চেয়ার, টেবিল, কখনো বা জানালার কাচ ভাঙচুর করে। ছাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করে থাকে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে গত সোমবার এসব বিষয়ে ওই শিক্ষার্থীর স্থানীয় অভিভাবক মামা জাফর আলীকে জানানো হয়। বুধবার ছেলের বাবা মাসুদ রানা ও মামা জাফর আলীসহ আরও কয়েকজনকে নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে আসেন। তাঁরা অধ্যক্ষ ফয়েজ উদ্দীনকে কক্ষে আটকে রেখে মারধর করেন। পরে অধ্যক্ষের চিৎকারে অন্য শিক্ষকেরা এগিয়ে এসে তাঁকে রক্ষা করেন।

এ ঘটনায় বৃহস্পতিবার রাতে পুঠিয়া থানায় অভিযুক্ত তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪ থেকে ৫ জনকে আসামি করে মামলা করেন ভুক্তভোগী অধ্যক্ষ ফয়েজ উদ্দীন। এ বিষয়ে কথা বলার জন্য তাঁর মুঠোফোনে কল করা হলে তা বন্ধ পাওয়া যায়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লায়লা আকতার জাহান বলেন, তিনি বিষয়টি মৌখিকভাবে শুনেছেন। এ বিষয়ে থানায় মামলা হয়েছে। তাঁর কাছে ওই অধ্যক্ষ লিখিতভাবে অভিযোগ দিলে এ বিষয়ে ব্যবস্থা নিতে পারতেন।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী হোসেন বলেন, মারধরের ঘটনায় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ওই অধ্যক্ষ তিনজনের নাম উল্লেখ করে মামলা করেছেন। এজাহারে আরও ৪-৫ জনকে অজ্ঞাত রাখা হয়েছে। ওই অধ্যক্ষ সবাইকে চেনেন না। বেশ কয়েকজন গিয়ে অধ্যক্ষকে মারধর করেছেন। তাঁরা মামলা নেওয়ার পর রাতেই একজনকে গ্রেপ্তার করেছেন। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।