কুষ্টিয়া পৌরসভার সড়ক
সংস্কারে নিম্নমানের খোয়া
শহরের প্রাণকেন্দ্র আর এ খান চৌধুরী সড়ক সংস্কার করা হচ্ছে। ৯ ফেব্রুয়ারি এ কার্যাদেশ দেয় পৌরসভা।
শুরু হওয়ার কয়েক দিন পর সড়ক সংস্কারের কাজ বন্ধ রেখেছিলেন ঠিকাদার। আবারও কাজ শুরু করেছেন। তবে এবার নিম্নমানের খোয়া ব্যবহারের অভিযোগ উঠেছে। যদিও সেখান থেকে নিম্নমানের খোয়া সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন পৌরসভার প্রকৌশলী।
এটি কুষ্টিয়া শহরের প্রাণকেন্দ্র আর এ খান চৌধুরী সড়কের চিত্র। জানতে চাইলে পৌরসভার সহকারী প্রকৌশলী জুবাইর মাহবুব বলেন, গতকাল সকালে নিম্নমানের খোয়ার স্তূপ দেখার পর সেগুলো সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। তবে দুপুর পর্যন্ত সেগুলো ছিল। হয়তো কাজের তদারকিতে থাকা ব্যক্তিদের অনুপস্থিতিতে সেগুলো ব্যবহার হতে পারে। বিষয়টি আরও খতিয়ে দেওয়া হচ্ছে।
কুষ্টিয়া পৌরসভা সূত্র জানায়, পাঁচ রাস্তার মোড় থেকে ছয় রাস্তার মোড় পর্যন্ত সড়কের দৈর্ঘ্য ৪২০ মিটার ও প্রস্থ ৪০-৫০ ফুট। গত বছর সড়কের দুই পাশে হাঁটাপথসহ ছয় ফুট চওড়া নালা নির্মাণ করা হয়েছে। এ দিকে দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সড়কে খানাখন্দ সৃষ্টি হয়। পিচ ও পাথর উঠে ছোট-বড় গর্ত হয়ে তাতে পানি জমে থাকে। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছে সাধারণ মানুষ।
কয়েক বছর ধরে প্রায় আধা কিলোমিটারের সড়কটি বেহাল। তবে সংস্কারে তেমন কোনো পদক্ষেপ নেই। ব্যস্ততম সড়কটিতে চলতে ভোগান্তির শিকার লোকজন। কুষ্টিয়া পৌরসভার পাঁচ রাস্তার মোড়ে মুজিব চত্বর থেকে ছয় রাস্তায় যেতে এ সড়কের অবস্থান। শহরের সবচেয়ে বেশি চওড়া এ সড়কের দুই পাশে বহুতল একাধিক ভবন রয়েছে। রয়েছে বড় বড় ব্যবসাপ্রতিষ্ঠান। এ ছাড়া কুষ্টিয়া শহরসংলগ্ন হরিপুর ইউনিয়ন থেকে প্রতিদিন কাজের জন্য অসংখ্য মানুষ গুরুত্বপূর্ণ ওই সড়ক দিয়ে চলাচল করে।
চলতি বছরের শুরুর দিকে মূল সড়কের উভয় পাশে মজবুতকরণসহ সড়ক চওড়া করার উদ্যোগ নেয় পৌর কর্তৃপক্ষ। এতে বরাদ্দ দেওয়া হয় ১ কোটি ৩১ লাখ ৪২ হাজার টাকা। কার্যাদেশ পান শহরের ঠিকাদারি প্রতিষ্ঠান হান্নান এন্টারপ্রাইজ। কার্যাদেশের মধ্যে আর এ খান সড়কসহ পাশে লরেন্স লেন নামের আরেকটি ১৩৫ মিটার সড়কের কাজও রয়েছে। চলতি বছরের ৯ ফেব্রুয়ারি এ কার্যাদেশ দেয় পৌরসভা। কাজ শেষ করার কথা রয়েছে আগামী বছরের ৮ ফেব্রুয়ারি। কার্যাদেশ পাওয়ার সাড়ে সাত মাসেও ঠিকাদার কাজ শুরু করেননি।
গত সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে সড়কের সংস্কারকাজ শুরু করেন ঠিকাদার। এক সপ্তাহ পর কাজ বন্ধ করে দেন। তিন দিন আগে আবারও কাজ শুরু করে ঠিকাদার।
গতকাল বুধবার সকালে গিয়ে দেখা যায়, সড়কের দুই পাশে গভীর গর্ত করে বালু ও ইটের খোয়া দিয়ে ভরাট করা হচ্ছে। ঠিকাদারের কাজ তদারকির জন্য সেখানে ছিলেন সবুজ হাসান নামের এক তরুণ। তিনি বলেন, খোয়ার মান সম্পর্কে তিনি জানেন না। তাঁকে বলা হয়েছে দেখাশোনা করতে। তাই তিনি এখানে রয়েছেন।
কুষ্টিয়া পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র শাহিন উদ্দীন বলেন, সড়কে নিম্নমানের কাজ করার সুযোগ নেই। ঘটনাস্থলে প্রকৌশলীকে পাঠানো হয়েছে। সড়কটি খুবই গুরুত্বপূর্ণ। সেই বিবেচনায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ সঠিকভাবে বুঝে নেওয়া হবে। কোনো গাফিলতি হলে ব্যবস্থা নিতে বলা হয়েছে।