মৌলভীবাজারের দুর্গম কালাপাহাড়ে জঙ্গি আস্তানার সন্ধানে অভিযান

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের দুর্গম কালাপাহাড় এলাকায় নতুন জঙ্গি আস্তানার সন্ধানে অভিযান চলছে। ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট, সোয়াট, মৌলভীবাজারের গোয়েন্দা পুলিশ (ডিবি) ও কুলাউড়া থানার পুলিশ আজ মঙ্গলবার সকাল ছয়টার দিকে এ অভিযান শুরু করে।

অভিযানকারী দলের সঙ্গে থাকা স্থানীয় এক তরুণ বেলা সোয়া একটার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, কালাপাহাড়ে মুঠোফোনের নেটওয়ার্ক দুর্বল। সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এরই মধ্যে অভিযান শুরু হয়। সিটিটিসির প্রধান মো. আসাদুজ্জামান অভিযানকারী দলের নেতৃত্ব দিচ্ছেন। দলে আরও ৪০ থেকে ৫০ জন সদস্য আছেন। তাঁর দাবি, কালাপাহাড়ের গহিন জঙ্গলে দুটি আস্তানার সন্ধান মিলেছে।

গতকাল সোমবার কর্মধা ইউনিয়নে পালানোর চেষ্টাকালে জঙ্গি সংগঠন ‘ইমাম মাহমুদের কাফেলা’–র ১৭ সদস্যকে আটক করে  জনপ্রতিনিধিদের কাছে হস্তান্তর করেন এলাকাবাসী। এর মধ্যে একজন চিকিৎসক ও বিদেশের বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া প্রকৌশল বিভাগের দুই শিক্ষার্থী ছিলেন।

পরে ঢাকা থেকে আসা সিটিটিসি ও সোয়াটের দল তাঁদের প্রায় আড়াই ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে। রাতে আটক ব্যক্তিদের তারা মৌলভীবাজার জেলা পুলিশ লাইনে নিয়ে যায়। এর আগে গত শনিবার সিসিটিসি ও সোয়াট কর্মধার পূর্ব টাট্রিউলি এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে ‘ইমাম মাহমুদের কাফেলা’–র ১০ জনকে গ্রেপ্তার করে। এ সময় তাঁদের সঙ্গে তিনটি শিশুও ছিল।