তারাগঞ্জে দুটি ভোটকেন্দ্রের ৪টি সিসিটিভি ক্যামেরা চুরি
রংপুরের তারাগঞ্জে দুটি ভোটকেন্দ্রের চারটি সিসিটিভি ক্যামেরা চুরি হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। বিষয়টি আজ বুধবার নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাব্বর হোসেন।
তারাগঞ্জ ও বদরগঞ্জ উপজেলা নিয়ে রংপুর-২ আসন। তারাগঞ্জের সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ৫টি ইউনিয়নে মোট ভোটারসংখ্যা ২ লাখ ২৫ হাজার ৩৯৭। এর মধ্যে পুরুষ ভোটার ৬৩ হাজার ৩৬৪ জন এবং নারী ভোটার ৬২ হাজার ৩৩ জন। নির্বাচনী এলাকায় মোট ৪৩টি ভোটকেন্দ্রে বৃহস্পতিবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সরকারি নির্দেশে প্রতিটি ভোটকেন্দ্রে ছয়টি করে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। রাতে দুটি কেন্দ্রের চারটি সিসি ক্যামেরা চুরি হয়ে যায়।
কেন্দ্রগুলো হলো সয়ার ইউনিয়নের সয়ার ডারারপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ও কুর্শা ইউনিয়নের কুর্শা দর্জিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
কুর্শা দর্জিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পোলিং অফিসার আবদুর রাজ্জাক বলেন, ‘ভোটারদের দাঁড়ানোর জন্য সারি তৈরি বাঁশ কিনে দিয়েছি। আজ সকালে গিয়ে দেখি, ভোটকেন্দ্রে সামনে পাকা ভবনে লাগানো ক্যামেরা দুটি নাই।’
সহকারী রিটার্নিং কর্মকর্তা মোনাব্বার হোসেন বলেন, ‘কেন্দ্র দুটির দুইটি করে মোট চারটি সিসি ক্যামেরা চুরির বিষয়টি জেনেছি। কেন্দ্রগুলোতে পুনরায় সিসি ক্যামেরা স্থাপন করা হবে।’