ফেনীতে বাসচাপায় পথচারী নারী নিহত

সড়ক দুর্ঘটনাপ্রতীকী ছবি

ফেনীতে সড়ক পারাপারের সময় যাত্রীবাহী বাসচাপায় এক নারী পথচারী নিহত হয়েছেন। গতকাল রোববার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের পুবালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চল্লিশোর্ধ্ব ওই নারীর পরিচয় জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের পুবালি এলাকায় ঢাকামুখী লেন দিয়ে সড়ক পার হচ্ছিলেন এক নারী। এ সময় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস তাঁকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে জ্ঞান হারান ওই নারী পথচারী। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ফেনীর ফাজিলপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত পরিদর্শক (ওসি) রাশেদ খান চৌধুরী জানান, ময়নাতদন্তের জন্য নিহত ব্যক্তির মরদেহ জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পক্ষ থেকে মরদেহের পরিচয় শনাক্তে আঙুলের ছাপ সংগ্রহ করা হয়েছে‍। আজ সোমবার দুপুর পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।