ঘন কুয়াশায় মাঝপদ্মায় সারা রাত আটকে ছিল ছয়টি ফেরি

পাটুরিয়া থেকে ছেড়ে আসা মাঝপদ্মায় আটকে থাকা একটি রো রো ফেরি কুয়াশা কেটে গেলে দৌলতদিয়া ঘাটের উদ্দেশে যাত্রা করেছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুয়াশার কারণে আবারও রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ফেরি বন্ধ ছিল। মাঝপদ্মায় আটকা পড়ে চারটি ফেরি। মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজিরহাট নৌপথেও ১২ ঘণ্টার মতো ফেরি বন্ধ ছিল। এ সময় মাঝনদীতে দুটি ফেরি আটকা পড়ে। দুই নৌপথে ছোট-বড় মিলে ছয়টি ফেরি আটকা পড়ে।

আজ রোববার সকাল সাড়ে নয়টার পর থেকে দুই নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়। দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় উভয় ঘাটে আটকা পড়ে বেশ কিছু যানবাহন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় জানায়, ১৮ দিন ধরে ভারী কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া ও আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। প্রতিদিন মধ্যরাত থেকে পরদিন সকাল পর্যন্ত ফেরি বন্ধ থাকছে। মাঝনদীতেও ফেরি আটকা পড়ছে। কনকনে শীত আর কুয়াশায় আটকে পড়া যানবাহনের যাত্রীদের পাশাপাশি চালকেরাও দুর্ভোগের শিকার হচ্ছেন।

সংস্থাটি জানায়, গতকাল শনিবার সন্ধ্যার পর থেকে নদী অববাহিকায় কুয়াশা পড়তে থাকে। রাত বাড়ার সঙ্গে ভারী কুয়াশা পড়লে আরিচা-কাজিরহাট নৌপথে রাত সোয়া ৯টার পর ফেরি বন্ধ করে দেওয়া হয়। এর আগে আরিচা ঘাট থেকে ছেড়ে যাওয়া রো রো (বড়) ফেরি শাহ আলী ও কে-টাইপ ফেরি বেগম সুফিয়া কামাল মাঝনদীতে দিক হারিয়ে নোঙর করে। প্রায় ১২ ঘণ্টা পর আজ সকাল সোয়া ৯টার পর কুয়াশা কম দেখে ফেরি ছাড়ে। যমুনা নদীতে ফেরি আটকে পড়ার সংবাদে উভয় ঘাটে ফেরি নোঙর করে থাকে।

এদিকে কুয়াশা বাড়তে থাকলে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে রাত ১০টার পর থেকে ফেরির চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এর আগে উভয় ঘাট থেকে ছেড়ে যাওয়া রো রো ফেরি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, শাহ মখদুম, শাহ পরান ও ইউটিলিটি ফেরি হাসনাহেনা মাঝপদ্মায় আটকা পড়ে। ফেরিতে ৭০টির মতো যানবাহন এবং তিন শতাধিক যাত্রী তীব্র শীত ও কুয়াশায় চরম দুর্ভোগের শিকার হন। প্রায় সাড়ে ১০ ঘণ্টা পর সকাল সোয়া ৯টা থেকে কুয়াশা কম দেখে ফেরি চালু হয়।

আজ সকালে পাটুরিয়া ঘাটে দেখা যায়, ফেরি বন্ধ থাকায় ঘাট থেকে ঢাকা-আরিচা মহাসড়কে শতাধিক গাড়ি ফেরিতে ওঠার অপেক্ষায় আছে। এ ছাড়া ৪ ও ৩ নম্বর ঘাটে একাধিক গাড়িবোঝাই ফেরি ঘাট ছাড়ছে।

টাঙ্গাইল থেকে আসা নীলাচল পরিবহনের চালক চালক মামুন শেখ বলেন, ‘কুয়াশার কারণে গাড়ি ঠিকমতো চালাতে পারিনি। গতি ছিল সর্বোচ্চ ২০ কিলোমিটার। মাঝেমধ্যে কুয়াশা এমনভাবে হানা দেয় যে বাধ্য হয়ে গাড়ি থামিয়ে দাঁড়িয়ে থাকতে হয়। পাঁচ ঘণ্টার পথ আসতে সময় লেগেছে প্রায় আট ঘণ্টা।’

দৌলতদিয়া ফেরিঘাটে অপেক্ষমাণ মেহেরপুর থেকে আসা একটি পরিবহনের যাত্রী কামাল হোসেন বলেন, ‘জরুরি প্রয়োজনে রাতেই ঢাকার উদ্দেশে রওনা দিয়েছিলাম। সঙ্গে স্ত্রী ও বাচ্চা আছে। সারা রাত এই বাসের মধ্যে বসে কাটিয়েছি।’

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, ১৭ থেকে ১৮ দিন ধরে প্রায় প্রতি রাতে কুয়াশা ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। দুই নৌপথে মাঝেমধ্যে পদ্মা ও যমুনা নদীতে ফেরি আটকে পড়ার ঘটনা ঘটছে। অতিরিক্ত কুয়াশার কারণে দুর্ঘটনার ঝুঁকি এড়াতেই কর্তৃপক্ষ ফেরি বন্ধ রাখতে বাধ্য হচ্ছে বলে জানান তিনি।