জ্যৈষ্ঠের শেষ দিনে সিলেটে মুষলধারে বৃষ্টি, জলমগ্ন শহর
বৈশাখ মাস চলে গেলেও দেখা মিলছিল না বৃষ্টির। মাঝে জ্যৈষ্ঠের খরতাপে পুড়েছে সিলেট। জ্যৈষ্ঠের শেষ দিনে টানা বৃষ্টিতে আষাঢ়ের আভাসই দিল সিলেটের আবহাওয়া। এতেই ঘটেছে নগরে বিপত্তি।
আজ বুধবার ভোর থেকে টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে সিলেট। এতে ভোগান্তিতে পড়তে হয়েছে নগরের বাসিন্দা ও পথচারীদের। তবে দুপুর ১২টার দিকে বৃষ্টি কিছুটা থামার পর ধীরে ধীরে পানি নামছে।
সিলেট আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গতকাল মঙ্গলবার সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত সিলেটে ৪৭ মিলিমিটার বৃষ্টি হয়। এরপর আজ সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বৃষ্টি হয় ১৫১ মিলিমিটার।
দুপুর ১২টার দিকে বৃষ্টি কিছুটা থামার পর সিলেট নগরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, নগরের বিলপাড়, শেখঘাট, লামাবাজার, তালতলা, বারুতখানা, জিন্দাবাজার, হাওয়াপাড়া, শাহজালাল উপশহর, ছড়ারপাড় শিবগঞ্জ সাদিপুর, লামাপাড়া, দক্ষিণ সুরমার কদমতলী, হুমায়ূন রশীদ এলাকাসহ বিভিন্ন সড়ক ও মহল্লায় পানি জমেছে।
নগরের দক্ষিণ সুরমার হুমায়ূন রশীদ চত্বর এলাকার বাসিন্দা শাহনেওয়াজ হোসেন বলেন, বেলা ১১টার দিকে ঘর থেকে বেরিয়ে দেখতে পান ঘরের সামনের সড়কে পানি। তাঁদের রাস্তাটি মূল সড়ক থেকে নিচু হওয়ায় বৃষ্টি হলেই পানি জমে যায়।
হাওয়াপাড়া এলাকার বাসিন্দা ব্যবসায়ী মনির হোসেন বলেন, টানা বৃষ্টির ফলে পানি জমে গিয়েছিল, তবে বৃষ্টি থামার সঙ্গে পানি নেমে যাচ্ছে। বৃষ্টি হলে সড়কে পানি জমে যায়। এতে ভোগান্তি বাড়ে, দোকানে গ্রাহক থাকেন না।
সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান বলেন, টানা বৃষ্টির কারণে নর্দমা দিয়ে পানি নামতে সময় লাগছে। মাত্র কয়েক ঘণ্টায় প্রায় ১৫০ মিলিমিটারের ওপরে বৃষ্টি হওয়ায় এবং সিলেটের কিছু এলাকা নিচু হওয়ায় বৃষ্টি হলেই পানি জমছে। সাময়িকভাবে পানি আটকে যাচ্ছে, তবে পানি নামছে। তিনি বলেন, সিলেট নগরের ড্রেনগুলো ছিদ্র করা রয়েছে। সেগুলোতে পলিথিনসহ নানা ময়লা আটকেও পানি জমে যাচ্ছে। সিটি করপোরেশনের কর্মীরা নর্দমায় ময়লা-আবর্জনা আটকে আছে কি না, সেদিকে নজর রাখছেন এবং কাজ করছেন।