বিদ্যালয়ের মাঠের গর্তে পানি

নতুন ভবন নির্মাণের জন্য গত ১৯ আগস্ট ঠিকাদার এ গর্ত খোঁড়েন। বৃষ্টির পানি জমে যাওয়ায় কাজ বন্ধ এখন।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৃষ্টিতে মাঠে খোঁড়া গর্ত পানিতে ভরে যাওয়ায় দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে। ঠাকুরগাঁও সদর উপজেলার হাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত সোমবার
ছবি: প্রথম আলো

ইটের তৈরি আধপাকা ঘর ঘেঁষে বাঁশের ছাপরা। সামনের মাঠে লম্বা করে খোঁড়া হয়েছে গর্ত। আর তাতে বৃষ্টির পানি জমে থইথই করছে। দেখে মনে হবে পুকুর কাটা হয়েছে। গর্তের পাশেই পাকা ঘরের বারান্দায় চলছে শিশু-শিক্ষার্থীদের খেলাধুলা ও ছোটাছুটি। তারা গর্ত ঘেঁষে চলাফেরাও করছে। ফলে যেকোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা।

এ অবস্থা ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের হাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। নতুন ভবন নির্মাণের জন্য গত ১৯ আগস্ট ঠিকাদার এ গর্ত খোঁড়েন। কিন্তু বৃষ্টিতে গর্তে পানি জমে যাওয়ায় তাঁরা কাজ বন্ধ করে দেন।

গত ২৯ আগস্ট বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, পাকা সড়কের পাশে মাটির ঢিবি। তার পাশে লম্বাটে দুটি গর্ত। গর্তে পানি ভরা। সেই গর্ত ঘেঁষা আধপাকা একটি ঘরের বারান্দায় ছোটাছুটি করছে শিক্ষার্থীরা। সে সময় এক শিক্ষক ছুটে এসে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে চলে যেতে নির্দেশ দিলেন। শিক্ষার্থীরাও গর্তের পাশ দিয়ে ছাপরা ঘরের শ্রেণিকক্ষে ফিরে গেল ।

ওই শিক্ষকের নাম নার্গিস আক্তার। তিনি সহকারী শিক্ষক। তিনি বললেন, আধপাকা ঘরে তাঁদের কার্যালয়। আর বেড়ার ঘরে ক্লাস হয়। মাঠের গর্তে জমে থাকা পানি নিয়ে তাঁরা দুশ্চিন্তার মধ্যে আছেন। বলা তো যায় না, খেলতে গিয়ে শিশুরা কখন পানিতে পড়ে যায়। তাই প্রতিদিন অন্তত একজন শিক্ষক সকাল আটটার মধ্যে বিদ্যালয়ে এসে শিশুদের পাহারায় রাখেন। বর্তমানে বিদ্যালয়টিতে প্রাক-প্রাথমিক শ্রেণিসহ ৬টি শ্রেণিতে ৯৯ জন শিক্ষার্থী রয়েছে। আর প্রধান শিক্ষকসহ চারজন শিক্ষক রয়েছেন।

পঞ্চম শ্রেণির শিক্ষার্থী জনি আক্তার বলে, ‘স্কুলে এসে ঠিকমতো চলাফেরা ও খেলাধুলা করতে পারি না। অফিসের বারান্দায় খেলতে গেলেও আপারা সেখান থেকে তাড়িয়ে দেন।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকছেদুর রহমান বলেন, বিদ্যালয়ের নামে জায়গা কম থাকায় মাঠজুড়েই নতুন ভবন নির্মাণের জন্য গর্ত করতে হয়েছে। গর্তটি সাত থেকে আট ফুট গভীর। আধপাকা ও ছাপরা ঘরটি ছাড়া কোনো জায়গা বাঁচেনি। এখন বৃষ্টিতে সেই গর্ত পানিতে ভরে গেছে। শিক্ষার্থীরা ওই গর্তের আশপাশেই ছোটাছুটি করে। এ কারণে বিরতির সময়ে শিক্ষার্থীদের ক্লাসেই থাকতে বলছেন। এদিকে প্রতিদিনই পাড় ভেঙে গর্ত দুটি আরও বড় হচ্ছে। এ জন্য ভয় আরও বাড়ছে। যদি শিক্ষার্থীদের চলাচলের জন্য নিরাপদ একটা ব্যবস্থা করা হতো তাহলে ভালো হতো।

বিদ্যালয় ও স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) সূত্রে জানা গেছে, ১৯৯৫ সালে রাজাগাঁও ইউনিয়নের হাজীপাড়া গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। বেসরকারি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় হিসেবে চললেও ২০১৩ সালে বিদ্যালয়টি সরকারীকরণ হয়। প্রতিষ্ঠার পর থেকেই জরাজীর্ণ ঘরে চলছিল পাঠদান। চলতি বছরের ১৭ মে ওই বিদ্যালয়ের ভবন নির্মাণে দরপত্র আহ্বান করে এলজিইডি। গত ২০ জুন ১ কোটি ১ লাখ টাকার চুক্তিমূল্যে ঠাকুরগাঁও শহরের রেনকো ট্রেডার্স কাজটি পায়।

ঠিকাদার নুর ইসলাম বলেন, ভবন নির্মাণের জন্য গর্ত খনন করার পরেই টানা বৃষ্টি শুরু হয়। বৃষ্টির পানিতে গর্ত ভরে যাওয়ায় কাজও বন্ধ করে দিতে হয়েছে। এতে যে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের চলাফেরায় সমস্যা হচ্ছে, তা অস্বীকার করা যাবে না। ছাত্র-ছাত্রীদের চলাফেরা নিরাপদ করতে গর্ত ঘিরে দেওয়া হবে। আর বৃষ্টি কমলেই ভবনের কাজ দ্রুত কাজ শুরু হবে।

এলজিইডি ঠাকুরগাঁও কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী শাহারুল আলম মণ্ডল বলেন, শিশুদের চলাচল নিরাপদ করতে ব্যবস্থা নেওয়া হবে।