ফরিদপুরে চাঁদা না পেয়ে বাস কাউন্টারের ব্যবস্থাপকের মাথা ফাটাল দুর্বৃত্তরা

হাসপাতালে আহত নাজির বিশ্বাস। আজ মঙ্গলবার দুপুরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালেছবি: সংগৃহীত

ফরিদপুরে দাবি করা চাঁদার টাকা না পেয়ে বিকাশ পরিবহনের বাস কাউন্টারের ব্যবস্থাপকের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তদের লোহার রডের আঘাতে তাঁর মাথা ফেটে যায়। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন সহকর্মীরা। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে শহরের পৌর বাস টার্মিনালে এ ঘটনা ঘটে।

আহত নাজির বিশ্বাস (৪৫) নড়াইলের লোহাগাড়া উপজেলার লাহুরিয়া গ্রামের বাসিন্দা।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নাজির বিশ্বাস জানান, বিকাশ পরিবহনের বাস কাউন্টারে তিন বছর যাবৎ ব্যবস্থাপক হিসেবে কাজ করছেন। প্রতিদিন দূরপাল্লার ১২টি গাড়ি (ট্রিপ) ছেড়ে যায় বলে তিনি জানান। দুর্বৃত্তরা তাঁর কাছে ১২টি ট্রিপে প্রায় ১০ হাজার টাকা প্রতিদিন দাবি করে বলে তিনি অভিযোগ করেন। দেড় মাস ধরে কিছু ছেলে এসে ট্রিপপ্রতি ৮টি করে সিট চাইতে থাকে এবং প্রতি সিট বাবদ ১০০ টাকা করে দাবি করে। তিনি তা দিতে অস্বীকৃতি জানান।

নাজির বিশ্বাস বলেন, ‘মঙ্গলবার সকালে পাঁচজন এসে বলে, আমাদের প্রতি গাড়িতে আটটি করে সিট দিতে হবে না, একবারে দুই লাখ টাকা দিতে হবে। আমি এ প্রস্তাব নাকচ করে দিলে তারা গালাগাল দিয়ে চলে যায়। এর ১০ থেকে ১৫ মিনিট পর তারা ফিরে এসে আমার ওপর অতর্কিত হামলা চালায়। আমাকে লোহার রড দিয়ে পেটাতে থাকে। রডের আঘাতে আমার মাথা ফেটে যায়। একজন রামদা দিয়ে কোপ দিতে এলে হাত দিয়ে কোনোভাবে ঠেকিয়ে দিই। সহকর্মী ও স্থানীয়রা এগিয়ে এলে তারা পালিয়ে যায়।’ এ সময় তিনি তিনজনকে চিনতে পেরেছেন বলে জানান।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’