চট্টগ্রামে ঘুষের টাকাসহ হাতেনাতে গ্রেপ্তার সাবরেজিস্ট্রারের জামিন নামঞ্জুর

দুদকের অভিযানে ঘুষের দুই লাখ টাকাসহ সাবরেজিস্ট্রার আবদুস সোবহানকে গ্রেপ্তার করা হয়ছবি: দুদকের সৌজন্যে

ঘুষের টাকাসহ গ্রেপ্তার চট্টগ্রামের পাহাড়তলী সাবরেজিস্ট্রি কার্যালয়ের সাবরেজিস্ট্রার আবদুস সোবহানের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে তাঁকে কারাফটকে এক দিন জিজ্ঞাসাবাদের আদেশ দেওয়া হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ হাসানুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।

দুদকের সরকারি কৌঁসুলি (পিপি) রেজাউল করিম প্রথম আলোকে বলেন, ঘুষের টাকাসহ গ্রেপ্তার সাবরেজিস্ট্রারকে জিজ্ঞাসাবাদ করতে দুদক পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেছিল। শুনানি শেষে আদালত চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ফটকে এক দিন জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন। একই সঙ্গে আসামির জামিনের আবেদন নাকচ করে দিয়েছেন আদালত।

দুদক সূত্রে জানা গেছে, ২২ সেপ্টেম্বর আইনজীবী তারেকুল আলমের অভিযোগের পরিপ্রেক্ষিতে পাহাড়তলী সাবরেজিস্ট্রি কার্যালয়ে অভিযান চালায় দুদক। ওই আইনজীবী তাঁর মক্কেলের দুটি অংশীদারি চুক্তিপত্র নিবন্ধনের জন্য নগরের আদালত ভবনে অবস্থিত পাহাড়তলী সাবরেজিস্ট্রি কার্যালয়ে যান। তাঁর অভিযোগ, দলিল দুটিতে কোনো ত্রুটি না থাকলেও নিবন্ধন আটকে রাখা হয়। পরে ঘুষ হিসেবে দুই লাখ টাকা অথবা দুটি শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) দাবি করা হয়।

এরপর আইনজীবী তারেকুল আলম দুদকের হটলাইন ১০৬ নম্বরে অভিযোগ করেন। অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে ঘুষের দুই লাখ টাকাসহ সাবরেজিস্ট্রার আবদুস সোবহান, হেড ক্লার্ক ফারুক ইসলাম ও উমেদার রূপণ দাশকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মামলা করে দুদক।

পরে গত বৃহস্পতিবার ফারুক ইসলাম ও রূপণ দাশকে আদালতে হাজির করা হলে তাঁরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে তাঁরা বলেন, ‘সাবরেজিস্ট্রারের নির্দেশেই আমরা ঘুষ নিয়েছি।’