‘রিকশা নিয়ে বের না হলে ঘরে ভাত জুটবে না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৃষ্টির মধ্যে রিকশা নিয়ে বের হয়েছেন মো. সোহাগ হোসেন
ছবি: প্রথম আলো

সকাল ৯টাতেই ঘুটঘুটে অন্ধকার। সূর্যমামার দেখা নেই। খুলনার পুরো আকাশ ছেয়ে আছে কালো মেঘে। কখনো টিপটিপ, আবার কখনো মাঝারি বৃষ্টির ছটা। চারিদিকে স্তব্ধ। পরিবেশটাই যেন অন্যরকম।

নিম্নচাপের কারণে মাঝরাত থেকেই শুরু হয়েছে এমন বৃষ্টি। সড়কগুলোও ফাঁকা, দু-একটি রিকশা ও ইজিবাইক ছাড়া তেমন কিছু চোখে পড়ে না। যাঁরা বের হয়েছেন, তাঁরা নিতান্তই পেট চালানোর দায়ে। দু–একজন মানুষের ছুটে চলা প্রায় সবাই অফিসগামী। সড়কের ধারে চায়ের দোকানে আয়েশ করে গরম চায়ের কাপে ঠোঁট ভেজাচ্ছেন অনেকেই। সবার মধ্যে কেমন যেন অলসতার ছায়া। দুই একটি কাক ভিজে যুবুথুবু হয়ে বসে আছে বিদ্যুতের তারের ওপর। গতকাল সোমবার সকালে এমন পরিস্থিতির মধ্যেও রিকশা নিয়ে যাত্রীর খোঁজে নিরালা আবাসিক এলাকার এগলি–ওগলি ঘুরছিলেন মো. সোহাগ হোসেন। কাছে গিয়ে কথা হয় তাঁর সঙ্গে। পরনে ময়লা জিন্স প্যান্ট, মাথায় ছাতা।

বয়স মাত্র ২২ বছর। সংসার চালাতে রিকশার হাতল ধরেছেন। বৃষ্টির মধ্যে বের হয়েছেন কেন জানতে চাইলে সোহাগের সটান উত্তর, ‘রিকশা নিয়ে বের না হলে রোজগার বন্ধ। ঘরে ভাত জুটবে না। পরিবার নিয়ে না খেয়ে থাকতে হবে।’

জিনিসপত্রের যেভাবে দাম বেড়েছে, তাতে আর পেরে উঠছেন না সোহাগ। তিনি বলেন, ‘মাছ-মাংস তো খাওয়াই ছেড়ে দিয়েছি। কোনো রকম সবজি, ডাল, ডিম খেয়ে সংসার চলছে। শেষ কবে গরুর মাংস কিনে খেয়েছি, তা মনে নেই। মাঝেমধ্যে ব্রয়লার মুরগি কিনে খেতাম, এখন তার দামও অনেক বেশি।’ গরুর মাংস খুব প্রিয় সোহাগের, তাঁর স্ত্রীরও। কিন্তু দামের কারণে তা কেনা হয়ে ওঠে না। সড়কের ধারে মাংসের দোকানগুলোতে ঝোলানো থাকা গরুর রানের মাংস দেখে ইচ্ছা হয়, কিন্তু টাকার কথা মাথায় এলে তা কিনতে পারেন না। গেল কোরবানি ঈদের সময় একবেলা গরুর মাংস দিয়ে ভাত খেয়েছিলেন সোহাগরা। সেটিও বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে এনেছিলেন। এরপর আর জোটেনি।

সোহাগের গ্রামের বাড়ি খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নে। চার ভাই–বোনের মধ্যে তৃতীয় সোহাগ। পড়েছেন পঞ্চম শ্রেণি পর্যন্ত। দিনমজুর বাবার সংসারে ছোট থেকে আয়ের পথ খুঁজতে হয়েছে। একসময় সুন্দরবনের বিভিন্ন খাল-নদীতে অন্যদের সঙ্গে মাছ ও কাঁকড়া ধরতে যেতেন। বিভিন্ন ঝুঁকির কারণে তা বাদ দিয়েছেন। কাজের খোঁজে চলে এসেছেন শহরে। সেটিও প্রায় চার বছর আগে। শুরু করেন দিনমজুরের কাজ। রাতে থাকতেন এক আত্মীয়র বাসায়।

সোহাগ বলেন, ‘কয়রা এলাকায় তেমন কোনো কাজ নেই। দিনমজুরি করলেও এক দিন কাজ জোটে তো অন্যদিন জোটে না। আর কাজ করলে পাওয়া যায় মাত্র ৩০০ থেকে ৪০০ টাকা। তাতে কিছুই হয় না। এ কারণে শহরে চলে এসেছি।’

দুই বছর আগে বিয়ে করেছেন সোহাগ। ঘরে ছোট ছেলে আছে। নগরের মিস্ত্রিপাড়া এলাকার এক বস্তিতে পরিবার নিয়ে থাকেন। মাসে ঘরভাড়া দিতে হয় দুই হাজার টাকা।

গত ২০ আগস্ট ৩০ হাজার টাকা দিয়ে রিকশাটি কিনেছেন। একটি সমিতি থেকে টাকাটা নিয়েছেন ঋণ হিসেবে। প্রতি সপ্তাহে প্রায় এক হাজার টাকা করে জমা দিতে হয় সমিতিতে। রিকশা চালিয়ে দিনে ৬০০ থেকে ৭০০ টাকার মতো আয় করেন। সোহাগ বলেন, ‘এখন অনেকটা ভালো আছি, খেয়ে না খেয়ে চলে যাচ্ছে তিনজনের সংসার। সুখে থাকতে এর বেশি প্রয়োজন হয় না।’