অবরোধের দ্বিতীয় দিনও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দিনভর আওয়ামী লীগের মহড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির ডাকা অবরোধ ঠেকাতে লাঠিসোটা হাতে আওয়ামী লীগের নেতা–কর্মীদের অবস্থান। বুধবার দুপুর একটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এরশাদনগর এলাকায়
ছবি: প্রথম আলো

বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দলের ডাকা অবরোধ ঠেকাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আবদুল্লাহপুর থেকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা পর্যন্ত সড়কে দ্বিতীয় দিনের মতো সরব হয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। কোথাও লাঠি হাতে সড়কে মহড়া, কোথাও মিছিল নিয়ে সড়কে অবস্থান করছেন তাঁরা। তবে মহাসড়কটির কোথাও বিএনপি-জামায়াতের কার্যক্রম খুব একটা চোখে পড়েনি। সড়কে যানবাহন চলাচলও ছিল কম। দূরপাল্লার বাস দেখাই যায়নি।

আজ বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত আবদুল্লাহপুর থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত সরেজমিন ঘুরে এই চিত্র দেখা গেছে। বেলা একটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে নগরের এরশাদনগর এলাকায় ক্ষমতাসীন দল ও সহযোগী সংগঠনের অর্ধশতাধিক নেতা-কর্মীর জটলা দেখা যায়। তাঁদের প্রায় সবার হাতে ছিল প্লাস্টিকের লম্বা পাইপ। তাঁরা অবস্থান করছিলেন সড়কের বিআরটি স্টেশনের সামনে।
এ সময় সড়কে যানবাহন চলাচলে যেন কোনো সমস্যা না হয় বা কেউ বাধা সৃষ্টি করতে না পারেন, সেদিকে খেয়াল রাখছিলেন ক্ষমতাসীন দলের লোকজন। এর মধ্যে বিএনপি-জামায়াতের লোকজন ভেবে কাউকে কাউকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করতেও দেখা যায় অবস্থান নেওয়া নেতা-কর্মীদের।

মহাসড়কের টঙ্গী বাজার, স্টেশন রোড, কলেজগেট, হোসেন মার্কেট, টঙ্গী সাতাইশ, তারগাছ, বোর্ডবাজারসহ বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের সড়কে সরব উপস্থিতি দেখা যায়। নেতা-কর্মীরা প্রথমে সড়কের অবরোধবিরোধী মিছিল করেন। এরপর সড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন জটলা আকারে। কোথাও কোথাও দুপুরে খাওয়ার জন্য খিচুড়ির আয়োজন করতেও দেখা যা

একটি জটলার নেতৃত্ব দিচ্ছিলেন টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী মঞ্জুর। প্রথম আলোকে তিনি বলেন, ‘আমরা বিএনপি-জামায়াতের নৈরাজ্য রুখতে দ্বিতীয় দিনের মতো ঐক্যবদ্ধ হয়ে সড়কে অবস্থান করছি। কেউ যেন যানবাহন চলাচলে কোনো বাধা তৈরি করতে না পারে বা কোনো অরাজকতা সৃষ্টি করতে না পারে, সেদিকে খেয়াল রাখার জন্য দলীয় নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা সেই নির্দেশনা বাস্তবায়ন করছি। আমরা সকাল ছয়টা থেকেই সড়কে অবস্থান নিয়েছি।’

এদিকে সকাল থেকে মহাসড়কটির কোথাও বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের কোনো কার্যক্রম চোখে পড়েনি। অবরোধ বাস্তবায়নে কোথাও মিছিল, মিটিং বা পিকেটিংয়েরও খবর পাওয়া যায়নি। তবে সড়কে যানবাহন চলাচল একেবারেই কম। আনোয়ার হোসেন নামে নগরের বোর্ডবাজার এলাকার এক চা-দোকানি বলেন, ‘সকাল থেকে এখন পর্যন্ত বিএনপি-জামায়াতের কোনো লোকজনকে সড়কে আসতে দেখিনি। শুধু আওয়ামী লীগের লোকজনই সড়কে ঘোরাফেরা করছেন। যানবাহন চলাচল একেবারেই কম। দূরপাল্লার বাস নেই বললেই চলে।’