আশুলিয়ায় বিস্ফোরণ: অপরাধজনক নরহত্যার মামলা দায়ের

ঢাকার অদূরে আশুলিয়ার জামগড়া এলাকায় প্রিটি গ্রুপের একটি কারখানা চত্বরে সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যানে বিস্ফোরণ ও আগুন লাগার ঘটনা ঘটে। রোববার রাতে তোলাছবি: প্রথম আলো

ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় গত রোববার সন্ধ্যায় প্রিটি গ্রুপের কারখানা চত্বরে সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যানে বিস্ফোরণ ও হতাহতের ঘটনায় মামলা হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাতে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবু তালেব বাদী হয়ে মামলাটি করেন।

পুলিশ জানায়, অপরাধজনক নরহত্যার মামলা করা হয়েছে। মামলায় প্রিটি গ্রুপের দায়িত্বশীল ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে।

গত রোববার সন্ধ্যা পৌনে সাতটার দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় প্রিটি গ্রুপের কারখানা চত্বরে সিলিন্ডারবাহী কাভ্যার্ড ভ্যানে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন আশপাশে থাকা আরও কয়েকটি সিলিন্ডারবাহী গাড়িসহ অন্তত ৭-৮টি গাড়িতে ছড়িয়ে পড়ে।

বিস্ফোরণে একাধিক সিলিন্ডার ঘটনাস্থল থেকে প্রায় ২০০ থেকে ৩০০ গজের বেশি দূরত্বে আবাসিক এলাকা, ভবনের ছাদে গিয়ে ছিটকে পড়ে। কোথাও টিনের চালা ফুটো করে ঢুকে যায়। এ সময় ঘটনাস্থল ও ঘটনাস্থলের অদূরে ছয়জন নিহত হন। অপর দুজন চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এ ছাড়া এ ঘটনায় আহত হন কমপক্ষে ২৫ জন।

আরও পড়ুন

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, প্রিটি গ্রুপের কারখানা চত্বরে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় থানার এসআই আবু তালেব বাদী হয়ে গতকাল (সোমবার) রাত ১২টার পর অপরাধজনক নরহত্যার মামলা করেছেন। মামলায় প্রিটি গ্রুপের দায়িত্বশীল ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে।