সাবেক সংসদ সদস্য নদভীর চার দিনের রিমান্ড মঞ্জুর

আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীছবি: সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম-১৫ আসনের সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীকে হত্যার চেষ্টা ও বিস্ফোরক আইনের পৃথক দুই মামলায় জিজ্ঞাসাবাদ করতে দুই দিন করে মোট চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার সকালে চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক হাবিবুর রহমান আজ প্রথম আলোকে বলেন, সাতকানিয়া ও লোহাগাড়া থানার পৃথক দুই মামলায় আবু রেজা নদভীকে জিজ্ঞাসাবাদ করতে রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত দুই মামলায় দুই দিন করে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালত সূত্র জানায়, গত বছরের ১৯ জুলাই সাতকানিয়ার কেরানিহাট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবর্ষণ ও হামলার ঘটনায় মামলা করেন উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান। লোহাগাড়া থানায় আরেকটি মামলা করেন মোমেন হোসেন নামের এক ব্যক্তি, যাতে গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে গুলিবর্ষণ ও হামলার অভিযোগ আনা হয়। দুটি মামলায় আসামি করা হয় নদভীকে।

গত বছরের ১৫ ডিসেম্বর রাতে ঢাকার উত্তরা এলাকা থেকে নদভীকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সেখানে ঢাকার একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।