বরিশালে মা ইলিশ রক্ষার অভিযানে কোস্টগার্ডের ওপর জেলেদের হামলা, ১০টি ফাঁকা গুলি
বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীতে মা ইলিশ রক্ষার অভিযানে কোস্টগার্ডের সদস্যদের ওপর জেলেরা হামলা করেছেন বলে অভিযোগ। পরে মৎস্য বিভাগের কর্মকর্তাদের বহনকারী স্পিডবোটেও ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কোস্টগার্ডের সদস্যরা ১০টি ফাঁকা গুলি ছোড়েন। এ ঘটনায় দুই জেলেকে আটক করা হয়েছে।
গতকাল শুক্রবার বিকেলে হিজলার মেঘনা নদীর অন্তর্বাম এলাকায় এ ঘটনা ঘটে। আটক দুই জেলে হলেন সালাহউদ্দিন চৌকিদার ও শাহ আলম। রাতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইলিয়াস সিকদার এ দণ্ড দেন।
এ ছাড়া ঘটনাস্থল থেকে প্রায় দুই লাখ মিটার কারেন্ট জাল ও পাঁচ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। পরে জাল পুড়িয়ে ফেলা হয়েছে।
হিজলা উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মাহফুজুর রহমান প্রথম আলোকে বলেন, গতকাল দুপুরের পর কয়েকটি ইঞ্জিনচালিত নৌকায় করে জেলেদের মাছ ধরতে দেখা যায়। তাঁদের বিরত রাখতে গেলে কয়েকটি নৌকায় লোকজন জড়ো করে কোস্টগার্ডের সদস্যদের ওপর হামলা চালায়।
বিকেলে উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুর রহমানের নেতৃত্বে নৌ পুলিশের সদস্যরা ঘটনাস্থলে যান। তিনি বলেন, তখন তাঁদের বহনকারী স্পিডবোট লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন জেলেরা। এতে স্পিডবোটটির সামনের কাচ ও হর্ন ক্ষতিগ্রস্ত হয়। পরে কোস্টগার্ডের সদস্যরা ১০টি ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ধাওয়া করে ইঞ্জিনচালিত নৌকাসহ দুই জেলেকে আটক করা হয়।
তাঁদের বহনকারী স্পিডবোট লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন জেলেরা। এতে স্পিডবোটটির সামনের কাচ ও হর্ন ক্ষতিগ্রস্ত হয়। পরে কোস্টগার্ডের সদস্যরা ১০টি ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ধাওয়া করে ইঞ্জিনচালিত নৌকাসহ দুই জেলেকে আটক করা হয়।মাহফুজুর রহমান, হিজলা উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা
মা ইলিশ রক্ষায় গত বুধবার মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে। এ নিষেধাজ্ঞা চলবে ২৯ অক্টোবর পর্যন্ত। এ সময়ে নদী, সাগরে ইলিশসহ সব ধরনের মাছ আহরণ, পরিবহন, বাজারজাত ও মজুত নিষিদ্ধ করেছে সরকার।
এ বিষয়ে হিজলার ইউএনও ও কোস্টগার্ডের দক্ষিণ জোনের আঞ্চলিক কার্যালয়ের গণমাধ্যম বিভাগে কয়েকবার কল করা হলেও তাঁদের সাড়া পাওয়া যায়নি।