রাজশাহীতে সংরক্ষিত দিঘি ভরাট করে দোকান উঠছে
মাটি ভরাট করে ইতিমধ্যে দেয়াল তোলা শুরু হয়েছে। সরকারদলীয় লোকজন এই কাজ করছেন বলে অভিযোগ।
রাজশাহী নগরের সপুরা এলাকার ৯ বিঘার বেশি আয়তনের জলাশয়টি স্থানীয় মানুষের কাছে ‘শুকনা দিঘি’ বলে পরিচিত। নাম ‘শুকনা’ হলেও এতে পানি থাকে সারা বছর। দিঘিটি সংরক্ষিত ঘোষণা করেছে রাজশাহী সিটি করপোরেশন। অথচ সেই দিঘি ভরাট করে নির্মাণ করা হচ্ছে দোকানঘর।
গত শুক্রবার সকালে গিয়ে দেখা যায়, শুকনা দিঘির উত্তর–পূর্ব কোণে ছোট ছোট ৮ থেকে ১০টি দোকানঘর নির্মাণের কাজ করছেন শ্রমিকেরা। নতুন মাটি ভরাট করে ইতিমধ্যে দেয়াল তোলা শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, ক্ষমতাসীন দলের লোকজন এই কাজ করছেন।
নির্মাণকাজ তদারকি করছিলেন এক যুবক। শ্রমিকেরা বললেন, ‘উনিই মালিক। কিছু বললে ওনাকে বলেন।’ যুবক নিজের নাম রাজু উল্লেখ করে বলেন, তাঁর নিজের দোকান নয়, তিনি শুধু তদারক করছেন। দোকান কার জানতে চাইলে তিনি বলেন, দোকান অনেকের। সবচেয়ে বেশি অংশ সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের। রাজুর দাবি, দিঘি ভরাট করে নির্মাণকাজ করা হচ্ছে না। যেখানে দোকানঘর নির্মাণ করা হচ্ছে, সেটা দিঘির পাড়। পরে কথা বলার জন্য ফোন নম্বর চাইলেও তিনি দিতে আপত্তি করেন।
আমরা আগে খোঁজ নিই। যদি দেখি অনুমোদন ছাড়া কেউ অবৈধভাবে কোনো স্থাপনা করছে, তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
কাউন্সিলর আবদুস সোবহানের দাবি, এই পুকুরে তাঁর কোনো অংশ নেই। তিনি কোনো দোকানঘর নির্মাণ করছেন না। অবৈধভাবে যারা এ কাজ করছে, তারা তাঁর নাম ব্যবহার করছে। নাম ব্যবহারকারীদের পরিচয় জানতে চাইলে কাউন্সিলর বলেন, ‘প্রশাসন বন্ধ করে দিলেই তো মিটে যায়। আমার-আপনার কী দরকার?’
শহরের জলাধার সংরক্ষণের জন্য সিটি করপোরেশন একটি প্রকল্প প্রস্তুত করেছে। এ জন্য ২২টি পুকুর ও দীঘি তালিকাভুক্ত করা হয়েছে। এই তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তার মধ্যে এই শুকনা দিঘির নামও রয়েছে। প্রকল্পটি এখন পরিকল্পনা মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলে সিটি করপোরেশন সূত্রে জানা গেছে।
এদিকে পুকুরটির মালিকানা নিয়ে মামলা চলমান। নিজেকে এই পুকুরের মালিক দাবি করে নগরের সপুরা মিয়াপাড়া এলাকার হারুন অর রশিদ নামের এক ব্যক্তি গত বছরের ৩ জুন বোয়ালিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন। তিনি দাবি করেন, তাঁর পক্ষে সর্বোচ্চ আদালতে রায় হয়েছে। তবে তিনি যাঁদের সঙ্গে মামলা লড়ছেন, তাঁরা কেউ দোকানঘর করছেন না। তাঁর ভাষায়, যাঁরা এই কাজ করছেন তাঁরা ‘হাইব্রিড আওয়ামী লীগ’। প্রশাসন এসে বন্ধ করে দিয়ে যাচ্ছে, আবার করছে।
দলীয় লোকজনের বিষয়ে যোগাযোগ করা হলে ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তরিকুল আলম ওরফে পিটার বলেন, দলের লোকজনও আছে আবার অন্য দল থেকে আসা লোকজনও আছে। তাদের মধ্যে একজন আছে শিবিরের পলাতক এক ক্যাডারের সহযোগী। তারা দলে যোগ না দিয়েই এখন আওয়ামী লীগ করছে।
দোকান অনেকের। সবচেয়ে বেশি অংশ সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের।
রাজশাহীর পরিবেশবাদী সংগঠন হেরিটেজ রাজশাহীর সভাপতি মাহাবুব সিদ্দিকীর করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১০ সালে তিন মাসের জন্য নগরের পুকুরগুলো ভরাট স্থগিত করার জন্য একটি আদেশ দেন হাইকোর্ট। সেই রিটের এখনো নিষ্পত্তি হয়নি। এ পর্যন্ত পুকুর ভরাটের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর থেকে চারটি মামলা করা হয়েছে। তারপরও রাজশাহী নগরের বিভিন্ন এলাকায় পুকুর ভরাট-দখল চলছেই।
এ ব্যাপারে রাজশাহী সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর ইসলামের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। এর আগে প্রধান প্রকৌশলীর দায়িত্বে থাকা শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেছিলেন, ব্যক্তিমালিকানাধীন পুকুর ভরাট করা হলে জেলা প্রশাসন তা দেখবে।
নগরে ভূমির ব্যবহার ও উন্নয়ন নিয়ন্ত্রণ এবং অবকাঠামো নির্মাণের তদারকির দায়িত্ব রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ)। প্রতিষ্ঠানটির অথরাইজ অফিসার আবুল কালাম আজাদ বলেন, ‘আমরা আগে খোঁজ নিই। যদি দেখি অনুমোদন ছাড়া কেউ অবৈধভাবে কোনো স্থাপনা করছে, তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’