সিংড়ায় ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামাকে রড দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ
নাটোরের সিংড়ায় আশরাফুল ইসলাম নামের এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে তাঁর মামাকে রড দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বুধবার সন্ধ্যা সাতটার দিকে নীলচড়া গ্রামে এই হত্যার ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম ছকির শেখ (৬০)। তিনি শেরকোল ইউনিয়নের নীলচড়া গ্রামের মৃত দবির শেখের ছেলে।
এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে পুলিশ আশরাফুল ইসলাম ও ছকির শেখের ভগ্নিপতি বরকত আলীকে আটক করে। আশরাফুল ইসলাম সিংড়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
অভিযুক্ত আশরাফুল ইসলাম সিংড়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
সিংড়া থানা-পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বসতবাড়ির জায়গা নিয়ে মামা ছকির শেখের সঙ্গে ভাগনে আশরাফুল ইসলামের বিরোধ চলে আসছিল। বুধবার সন্ধ্যায় মামা ও ভাগনের মধ্যে জমি নিয়ে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ভাগনে আশরাফুল তাঁর হাতে থাকা রড দিয়ে মামার মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই ছকির শেখের মৃত্যু হয়। তাঁকে রক্ষায় এগিয়ে এসে আবদুর রহিম নামের এক ব্যক্তিও গুরুতর আহত হন। তাঁকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে সিংড়া থানা-পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। তাৎক্ষণিক অভিযান চালিয়ে পুলিশ আশরাফুল ইসলাম ও বরকত আলীকে আটক করে থানায় নিয়ে যায়।
সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার ময়নাতদন্তের জন্য ছকি শেখের লাশ নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। মামলা হলে আটক দুজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।