শিবচরে মূল আসামিদের নাম বাদ দিয়ে কালাম হত্যা মামলার অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদারীপুরে কালাম ঘরামি হত্যা মামলায় মূল আসামিদের নাম বাদ দিয়ে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। আজ মাদারীপুরে সংবাদ সম্মেলন করে নিহতের বাবা ও মামলার বাদী নুরু ঘরামি এ অভিযোগ করেন
ছবি: প্রথম আলো

মাদারীপুরের শিবচরে আলোচিত কালাম ঘরামি হত্যা মামলায় মূল আসামিদের বাদ দিয়ে পুলিশ আদালতে মিথ্যা অভিযোগপত্র দাখিল করেছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে মাদারীপুর শহরের একটি সাংবাদিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন কামাল ঘরামির বাবা মামলার বাদী নুরু ঘরামি। এ ঘটনায় তিনি বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন।

মামলার সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৩ মে শিবচর উপজেলার বড় কেশবপুর আরশেদ তালুকদারকান্দি এলাকায় জমিসংক্রান্ত বিরোধের জেরে ডেকে নিয়ে কালাম ঘরামি (২৯) পিটিয়ে হত্যা করা হয়। ঘটনায় পরদিন নিহত ব্যক্তির বাবা নুরু ঘরামি বাদী হয়ে শিবচর থানায় নিহতের চাচাতো ভাই লাকু ঘরামি, ভাতিজা বাচ্চু ঘরামিসহ ৯ জনের নামসহ অজ্ঞাতনামা আরও ৪ থেকে ৫ জনকে আসামি করে একটি হত্যা মামলায় করেন। পরে এ মামলায় শিবচর থানার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক সঞ্জিব জোয়ার্দার ওই বছর ২৬ অক্টোবর আদালতে ইউনুস ঘরামি, লিটন ঘরামি, বারেক ঘরামি, টুকু ঘরামি, লোকমান ঘরামিকে অব্যাহতি দিয়ে চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ওই অভিযোগপত্রের বিরুদ্ধে বাদী নুরু ঘরামি নারাজির আবেদন করেন।

পরে আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য গোপালগঞ্জের পিবিআইকে নির্দেশ দেন। পরে পিবিআই মামলাটি তদন্ত করে ২০২১ সালের ২ নভেম্বর মামলার ওই পাঁচ আসামিকে অব্যাহতির সুপারিশ করে আদালতে প্রতিবেদন দাখিল করেন। সেখানেও বাদী নুরু ঘরামি নারাজির আবেদন করলে আদালত পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কাছে পুনরায় তদন্তের নির্দেশ দেন। পরে সিআইডি মামলাটিকে নতুন করে তদন্ত শুরু করে।

মাদারীপুর সিআইডির পরিদর্শক রবীন্দ্রনাথ তরফদার নিহত কালাম ঘরামিকে পিটিয়ে হত্যা করে লাশ কাঁঠালগাছের সঙ্গে ঝুঁলিয়ে রাখা হয় উল্লেখ করে মামলায় টুকু ঘরামি, আবু তাহের ঘরামি, বারেক ঘরামি, ইউনুস ঘরামি ও লোকমান ঘরামিকে অব্যাহতির সুপারিশ করে। একই সঙ্গে লাকু ঘরামি, হারুন ঘরামি, দেলোয়ার ঘরামি ও বাচ্চু ঘরামিকে অভিযুক্ত করে চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি আদালতে প্রতিবেদন দাখিল করা হয়। সিআইডি পুলিশের তদন্তেও মামলার বাদী নুরু ঘরামি মূল আসামিদের বাদ দেওয়ায় অসন্তোষ প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে নুরু ঘরামি (৬৩) বলেন, ‘আমার বড় ছেলে কালাম ঘরামির হত্যার সঙ্গে আমার ভাতিজা টুকু ঘরামি, আবু তাহের ঘরামি, বারেক ঘরামি, লোকমান ঘরামি ও আপন ভাই ইউনুস ঘরামি জড়িত। অথচ সিআইডি পুলিশ তাঁদের বাদ দিয়ে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে। এখানে সিআইডি পুলিশ উদ্দেশ্যপ্রণোদিত হয়ে অর্থের বিনিময়ে মূল আসামিদের অব্যাহতি দিয়েছে। আমি এ ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানাই।’

অভিযোগের বিষয় জানতে চাইলে সিআইডির মাদারীপুর কার্যালয়ের পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা রবীন্দ্রনাথ তরফদার বলেন, ‘এই হত্যা মামলার আগেও দুবার তদন্ত হয়েছে। আমরাও যথাযথ প্রক্রিয়ায় তদন্ত করেছি। এখানে বাদীর মনমতো না হওয়ায় তিনি বারবার নারাজি দিচ্ছেন, আমাদের বিরুদ্ধে অভিযোগও দিচ্ছেন। এখানে আমাদের কোনো ভুল নেই। একটি হত্যা মামলায় ইচ্ছেমতো কাউকে অভিযুক্ত করা যায় না। হত্যার সঙ্গে মূলত যাঁরা জড়িত, তাঁদেরই আমরা চার্জশিটে রেখেছি।’