নেত্রকোনায় বাসের চাপায় মা ও দুই মেয়ের পর মারা গেলেন ইজিবাইকচালক
নেত্রকোনায় বাসের চাপায় মা ও দুই মেয়ের মৃত্যুর পর ইজিবাইকের চালক রোহান মিয়া (৪৫) মারা গেছেন। গতকাল রোববার সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ নিয়ে নিহত মানুষের সংখ্যা বেড়ে হলো ৪।
গতকাল বেলা ১১টার দিকে সদর উপজেলার চল্লিশা এলাকায় নেত্রকোনা–ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রোহান মিয়া সদর উপজেলার কাঞ্চনপুর গ্রামের আমিরুজ্জামানের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল বেলা ১১টার দিকে ময়মনসিংহ থেকে মহুয়া পরিবহনের একটি বাস নেত্রকোনার দিকে যাচ্ছিল। একই সময়ে নেত্রকোনা থেকে শ্যামগঞ্জের দিকে যাচ্ছিল একটি ইজিবাইক। পথে চল্লিশা বাসপাই এলাকায় বাসটি ইজিবাইকটিকে চাপা দেয়। এতে ইজিবাইকের চালক রোহান মিয়াসহ আটজন আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করতে গেলে ঘটনাস্থলেই সদর উপজেলার আমলি কেশবপুর গ্রামের আইনুল হকের স্ত্রী নূরজাহান বেগম (৪৫) মারা যান।
পরে আইনুল হক, তাঁদের মেয়ে স্মৃতি আক্তার ও সুমাইয়া আক্তার ওরফে ইতি এবং রায়দুম ঝাউসি গ্রামের আবুল হোসেনের ছেলে মোস্তাফিজুর রহমানকে (২৫) উদ্ধার করে নেত্রকোনা ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক নূরজাহানের দুই মেয়েকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে আহত তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইজিবাইকের চালক রোহান মিয়া মারা যান।
জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) হাফিজুল ইসলাম বলেন, বাসচাপায় মা ও দুই মেয়ে নিহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় ইজিবাইকের চালক রোহান মিয়া মারা গেছেন। গুরুতর আহত অন্য দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। বাসের চালককে আটক করতে অভিযান অব্যাহত আছে।