তিন দিন আগে নদীতে ভেসে যান বিদ্যালয়ের দপ্তরি, লাশ উদ্ধার

তপন উদয় চাকমাছবি: বিদ্যালয়ের সৌজন্যে

খাগড়াছড়ি শহরের রাজ্যমণি পাড়া এলাকায় চেঙ্গী নদী থেকে তপন উদয় চাকমা (৫৬) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে লাশটি উদ্ধার হয়। উজানের পানিতে ভেসে আসা লাকড়ি ধরতে গিয়ে নদীতে নিখোঁজ হওয়ার তিন দিন পর তাঁর লাশ উদ্ধার হলো।

তপন উদয় চাকমা খাগড়াছড়ির পেরাছড়া উচ্চবিদ্যালয়ের দপ্তরি হিসেবে কর্মরত ছিলেন। গত মঙ্গলবার পেরাছড়া এলাকায় চেঙ্গী নদীর প্রবল স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হন তিনি।

পেরাছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিম্বিসার খীসা প্রথম আলোকে বলেন, আজ সকালে রাজ্যমণি পাড়া এলাকার চরে তপন উদয় চাকমার লাশ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। এরপর তাঁরা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কায় কিসলু প্রথম আলোকে বলেন, উদ্ধার হওয়া লাশটি বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।