বন্যায় কাজ হারিয়ে বেত-কারিগর বেলাল এখন মাছ বিক্রেতা
প্রায় ৩০ বছর ধরে ঢাকা, সিলেট ও মৌলভীবাজার ঘুরে বেতের আসবাব তৈরির কাজ করেছেন বেলাল মিয়া (৩৮)। এই কাজেই তাঁর সংসার চলেছে। কিন্তু সম্প্রতি সিলেটে ভয়াবহ বন্যা হলে বেতের আসবাবের ব্যবসায় মন্দা নামে। কিন্তু হাত-পা গুটিয়ে বসে থাকার উপায় নেই। তাই বেলাল মিয়া বাধ্য হয়ে পেশা পাল্টে হয়েছেন মাছ বিক্রেতা। অন্যদের সঙ্গে এখন মিলেমিশে হাওরে মাছ ধরার কাজ করেন তিনি।
বেলাল মিয়ার বাড়ি মৌলভীবাজারের রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের কুবঝাড়ের গ্রামে। আট সদস্যের বড় পরিবার। তাই কষ্ট হলেও পেটের দায়ে দীর্ঘদিনের এই পেশা ছাড়তে হয়েছে বেলালকে।
আজ শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে মৌলভীবাজার শহরের শমসেরনগর সড়কের অস্থায়ী বাজারে বেলাল ছোট-বড় বিভিন্ন জাতের মাছ নিয়ে বসেছিলেন। বাইম, টেংরা, কাতলা, রুই ইত্যাদি মাছের পসরা নিয়ে বসেছেন বেলাল। বেশ কিছুদিন ধরেই তিনি এখানে সকাল-সকাল মাছ নিয়ে আসেন। তাঁর মাছের আলাদা পরিচিতিও আছে। মাছগুলো মুক্ত জলাশয়ের। জেলার কাউয়াদীঘি হাওর থেকে ধরা এই মাছ। চাষের মাছের তুলনায় এসব মাছের দাম কিছুটা বেশি হলেও ক্রেতাদের কাছে কদর রয়েছে।
বেচাকেনার এক ফাঁকে মৃদু হেসে বেলাল জানালেন, তিনি আসলে একজন কুটিরশিল্পী। তাঁর প্রয়াত বাবা নূর উদ্দিন মাছ বিক্রি করতেন। তবে বেলাল বাবার পথে যাননি। ইচ্ছা থাকলেও পড়াশোনা বেশি দূর করতে পারেননি। দশম শ্রেণি পর্যন্ত অনিয়মিত হলেও স্কুলে আসা-যাওয়া করেছেন। তাঁদের এলাকার এক ব্যক্তির ঢাকায় বেতের কারখানা ছিল। ওই প্রতিবেশীর সুবাদে বেলাল ঢাকায় বেতের কারখানায় কাজ শেখেন। পরে পেশা হিসেবে তিনি বেতের কাজ বেছে নেন।
কেউ রুই মাছ দি খাইবো, কেউ ডাইল-ভাত। স্বাচ্ছন্দ্যে চলা আমরার লাগি অনেক স্বপ্ন। নয়া পেশা, অসুবিধা অয় (হয়)। কিন্তু মানিয়া (মেনে) নেওয়া লাগে।
প্রায় ২০-২২ বছর ঢাকা-সিলেট ঘুরে বেতের কাজ শিখেছেন, কাজ করেছেন বেলাল। বেতের চেয়ার-টেবিল, সোফা, মোড়া, দোলনা, ডাইনিং টেবিল, চেয়ারসহ বিভিন্ন আসবাবের কাজ করতেন তিনি। ১০ বছর ধরে মৌলভীবাজারের একটি বেতের কারখানায় কাজ করতেন। কাজ হারানোর আগে ওই কারখানা থেকে বেতন পেতেন ২৩ হাজার ৫০০ টাকা। ওই টাকা দিয়ে মা, বোন, স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে নিয়ে আটজনের সংসার চালিয়ে গেছেন। টানাটানি ছিল, কিন্তু সংসারের চাকা থেমে যায়নি। গত জুন মাসে হঠাৎ ভয়াবহ বন্যার কবলে পড়ে সিলেট ও সুনামগঞ্জ। বন্যার প্রভাব পড়ে মৌলভীবাজারের ওই বেতের কারখানায়। কারণ, ওই কারখানার উৎপাদিত পণ্য বিক্রির প্রধান বাজার হচ্ছে সিলেট। বন্যার কারণে সিলেট মুখ ফিরিয়ে নিলে কারখানাটি লোকসানে পড়ে। একপর্যায়ে বেলাল মিয়া করাখানার চাকরি হারান।
কাজ হারানোর পর কিছুদিন বাড়িতেই বেকার বসে ছিলেন। কাউয়াদীঘি হাওরপাড়ের মানুষ হওয়ায় বেলাল পরিকল্পনা করেন তিনি বাবার পেশাতেই ফিরে যাবেন। জুলাই মাস থেকে জড়িয়ে গেলেন মাছ ধরা ও মাছ বিক্রির সঙ্গে।
বেলাল বলেন, গ্রামের ২৫ জনের একটি দলের সঙ্গে তিনি জাল দিয়ে মাছ ধরেন। তারপর সেই মাছ বিক্রি করতে মৌলভীবাজার শহরে নিয়ে আসেন। আবার অনেক সময় হাওরপাড় থেকেই কিছু পাইকারি ক্রেতা মাছ কিনে ঢাকা নিয়ে যান। আবার কিছু মাছ আড়তে বিক্রি করা হয়। বাকি মাছগুলো মৌলভীবাজার শহর ও আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রি করেন। দিন শেষে সব হিসাব-নিকাশ করে ৬০০ থেকে ৭০০ টাকা ভাগে পান বেলাল।
এই আয়ে সংসার ঠিকমতো চলছে, জানতে চাইলে বেলাল বলেন, ‘কষ্ট আর কি! কেউ রুই মাছ দি খাইবো, কেউ ডাইল-ভাত। স্বাচ্ছন্দ্যে চলা আমরার লাগি অনেক স্বপ্ন। নয়া পেশা, অসুবিধা অয় (হয়)। কিন্তু মানিয়া (মেনে) নেওয়া লাগে। কোনো সঞ্চয় নাই। নিজর বাড়িঘর নাই। চাচার ভিটাত ঘর তুলি আছি।’
তবে বেলাল মিয়ার ধারণা, মাছ ধরার এই পেশাতেও তিনি বেশি দিন থিতু হতে পারবেন না। কারণ ব্যাখ্যা করে বলেন, কাউয়াদীঘি হাওরে পানি কমে আসছে। বিলগুলো ভেসে উঠবে। উন্মুক্ত জলাশয়ে আর মাছ ধরার সুযোগ থাকবে না। তখন প্রয়োজনে আবার আগের পেশাতেই ফিরে যাবেন তিনি। সিলেট, মৌলভীবাজার, ঢাকা যেখানে সুবিধা হবে, সেখানেই চলে যাবেন।
বেলাল মিয়া বলেন, ‘কিতা করবা, একটা কিছু থাকতো তো অইবো। বউ আছে। বাইচ্চা, মা আছে।’
বেলাল মিয়া নিজে পড়াশোনা করতে পারেননি বলে তাঁর আফসোস রয়েছে। তাই কষ্ট করে হলেও ছেলেমেয়েদের পড়াশোনা চালিয়ে যেতে চান তিনি। এ জন্য ভ্রাম্যমাণ একটি ব্যবসার চিন্তাও আছে তাঁর। ঢাকায় কাপড়ের ব্যবসার সঙ্গে যোগাযোগ আছে। মাছ বেচাকেনার পাশাপাশি ঢাকা থেকে কাপড় কিনে এনে সাইকেলে করে জেলার বিভিন্ন গ্রামীণ হাট-বাজারে বিক্রি করার পরিকল্পনা আছে বেলাল মিয়ার।