কুষ্টিয়ায় ছাত্রদল নেতা পিস্তলসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাতকড়া
প্রতীকী ছবি

কুষ্টিয়ায় জেলা ছাত্রদলের সদস্যসচিব খন্দকার তসলিম নিশাতকে পিস্তলসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক সড়কের মিরপুর বিজিবি ক্যান্টিন এলাকা থেকে তাঁকে আটক করা হয়। পুলিশের দাবি, আটকের সময় তসলিমের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিনসহ দুটি গুলি উদ্ধার করা হয়েছে। তবে তসলিমের বাবার অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসায় তসলিমকে ফাঁসানো হয়েছে।

খন্দকার তসলিম মিরপুর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি খন্দকার টিপু সুলতানের ছেলে। খন্দকার তসলিম কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্যসচিব।

খন্দকার টিপু সুলতানের ভাষ্য, তিনি গতকাল একটি ‘গায়েবি মামলায়’ আদালতে হাজিরা দিতে যান। সেখানে তসলিমসহ ছাত্রদলের কর্মীদের ছাত্রলীগের নেতা-কর্মীরা মারধর করতে যান।

তবে তসলিম কৌশলে সেখান থেকে বেরিয়ে আসেন। পরে এ ঘটনায় তসলিমকে ফোন করে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ হাফিজ মারধরের বিষয়টি নিয়ে কথা বলতে চান। তবে তসলিম কুষ্টিয়ার মিরপুরে চলে আসার কথা জানালে শেখ হাফিজ মিরপুরে যান।

বিকেল সোয়া পাঁচটার দিকে তসলিমের পরিবার জানতে পারে, তসলিমকে মিরপুর বিজিবি ক্যান্টিনের ভেতর থেকে গোয়েন্দা পুলিশ আটক করেছে। এ খবর পাওয়ার পর টিপু সুলতান কয়েকজনকে নিয়ে ঘটনাস্থলে যান। পরে গোয়েন্দা পুলিশ তসলিমকে আটক করে মাইক্রোবাসে করে নিয়ে যায়। টিপু সুলতানের দাবি, তাঁর ছেলেকে আটকের সময় অস্ত্র উদ্ধারের কোনো অভিযোগ ছিল না।

টিপু সুলতান বলেন, ‘আমার ছেলের মতো নিরীহ ছেলে কুষ্টিয়া জেলাতে নাই। তার বিরুদ্ধে আগেই দু-তিনটি গায়েবি মামলা দেওয়া হয়েছে। এবার অস্ত্র মামলা দিয়ে জীবনটা শেষ করে দিল। সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসায় রাজনীতি থেকে সরাতে তাকে ফাঁসানো হলো।’

তবে তসলিমের বাবার অভিযোগ সত্য নয় বলে দাবি করে কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর বিজিবি ক্যান্টিনের পাশে একটি চেকপোস্ট বসানো হয়েছিল।

এ সময় চেকপোস্টে পুলিশের উপস্থিতি দেখে তসলিম দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে গোয়েন্দা পুলিশের সদস্যরা তসলিমকে আটক করে দেহ তল্লাশি করলে পিস্তল ও গুলি উদ্ধার করা হয়। পরে রাতেই তসলিমের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে মিরপুর থানায় তাঁকে সোপর্দ করা হয়।

আজ সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর থানার ওসি গোলাম মোস্তফা প্রথম আলোকে বলেন, দুপুরের দিকে তসলিমকে আদালতে পাঠানো হবে।