লঘুচাপের কারণে হাতিয়ার সঙ্গে দুই দিন ধরে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর হাতিয়া উপজেলার নলচিরা ঘাট
ছবি: সংগৃহীত

লঘুচাপের প্রভাবে ৩ নম্বর সতর্কসংকেত বহাল থাকায় নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে দুই দিন ধরে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধ আছে। এতে অনেক যাত্রী জরুরি প্রয়োজনেও হাতিয়ায় যেতে পারছেন না এবং হাতিয়া থেকে আসতে পারছেন না।

উপজেলা প্রশাসন বলছে, আজ বুধবার আবহাওয়া পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে। তবে হাতিয়ার চেয়ারম্যান ঘাট ও নলচিরা ঘাটে খোঁজ নিয়ে জানা গেছে, বাতাসের গতি বেশি থাকায় আজ বুধবারও দ্বিতীয় দিনের মতো ঘাট থেকে কোনো স্পিডবোট কিংবা যাত্রীবাহী ট্রলার ছেড়ে যায়নি।

আরও পড়ুন

হাতিয়ার চেয়ারম্যান ঘাটে গিয়ে পরপর দুই দিন নদী পারাপার করতে পারেননি বেসরকারি একটি সংস্থার কর্মকর্তা মো. জহির উদ্দিন। তিনি প্রথম আলোকে বলেন, দাপ্তরিক কাজে তিনি জেলা শহরে এসেছিলেন তিন দিন আগে। গতকাল মঙ্গলবার হাতিয়ায় ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু চেয়ারম্যান ঘাটে গিয়ে দেখেন স্পিডবোট কিংবা যাত্রীবাহী ট্রলার কোনোটিই চলছে না। তাই বাধ্য হয়ে জেলা শহরে ফিরে যান। আজ বুধবার সকালে আবার ঘাটে যান। কিন্তু আজ সকাল থেকে দুপুর পর্যন্ত কোনো স্পিডবোট বা ট্রলার ঘাট থেকে ছেড়ে যায়নি। ফলে আজও তিনি যেতে পারেননি। তাঁর মতো এ রকম আরও কমপক্ষে ১০০ যাত্রীকে ঘাট এলাকায় ঘোরাফেরা করতে দেখেছেন তিনি।

ঘাট এলাকার স্থানীয় বাসিন্দা আবদুর রহমান বলেন, আবহাওয়া অধিদপ্তর থেকে উপকূলীয় এলাকার জন্য ৩ নম্বর সতর্কসংকেত জারি করার কারণে গতকাল মঙ্গলবার দিনভর স্পিডবোট ও ট্রলার হাতিয়ার উদ্দেশে ছেড়ে যায়নি। একইভাবে হাতিয়ার নলচিরা ঘাট থেকেও কোনো নৌযান ছেড়ে আসেনি।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কায়সার খসরু প্রথম আলোকে বলেন, হাতিয়ার নলচিরা-চেয়ারম্যান ঘাট রুটে চলাচলকারী সি-ট্রাকটি বেশ কিছুদিন ধরে বিকল। এ ছাড়া স্পিডবোট ও ট্রলারগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত থাকায় মঙ্গলবার বন্ধ রাখতে বলা হয়েছে। আর আজ বুধবার সকালে নৌযানগুলোকে নিরাপদে চলাচল করতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের নোয়াখালী কার্যালয়ের পর্যবেক্ষক আজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, সাগরে লঘুচাপের প্রভাবে ৩ নম্বর সতর্কসংকেত জারি আছে। এ ছাড়া দুই দিন ধরে উপকূলীয় এলাকায় প্রবল বাতাস বইছে। এ জন্য নৌযানগুলোকে চলাচল বন্ধ রাখতে বলা হয়েছে। তবে আজ বুধবার সকাল থেকে বাতাসের গতি বেশ কমে এসেছে। আশা করা যায়, বিকেল নাগাদ আবহাওয়া পরিস্থিতির আরও উন্নতি হতে পারে।