সিলেটে গরম তেলে দগ্ধ হওয়ার ৬ দিন পর জাতীয় পার্টির নেতার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

সিলেটের ওসমানীনগরে কড়াইয়ের গরম তেলের ওপর পড়ে দগ্ধ হয়ে জাতীয় পার্টির নেতা তাজিদ বক্সের (৫২) মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। এর আগে গত ২৬ মার্চ এক দোকানির সঙ্গে হাতাহাতির সময় তিনি জিলাপি ভাজার কড়াইয়ে রাখা গরম তেলের ওপর পড়ে দগ্ধ হন।

তাজিদ বক্স ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক। তিনি গোয়ালাবাজার ইউনিয়নের নিজ করনসি গ্রামের বাসিন্দা।

তাজিদ বক্সের ভাতিজা বাবর বক্স বলেন, ২৬ মার্চ দগ্ধ হওয়ার পর থেকে তাজিদ বক্স সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এর মধ্যে গতকাল দুপুরে তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়।

তাজিদ বক্সের স্বজনেরা বলেন, ২৬ মার্চ বিকেলে উপজেলার গোয়ালাবাজারে ছুরাব মিয়ার ঘড়ির দোকানে ঘড়ি মেরামত করতে দিয়েছিলেন তাজিদ বক্স। ইফতারের কিছুক্ষণ আগে তিনি ঘড়ি নিতে গেলে ছুরাব মিয়ার সঙ্গে তাঁর কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে দুজন হাতাহাতিতে জড়িয়ে পড়েন। হাতাহাতির সময় তিনি ওই দোকানের পাশে ফুটপাতে রাখা কড়াইয়ের গরম তেলের ওপর পড়ে যান। পরে স্থানীয় লোকজন তাঁকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।