শিশুকে হত্যার পর সাইকেল ছিনতাই, কিশোরেরা কিনতে চেয়েছিল স্মার্টফোন
বগুড়ার শিবগঞ্জ উপজেলার আবু হুরায়রা (১১) গতকাল রোববার বাইসাইকেল নিয়ে স্কুলে যায়। টিফিনের সময় নাশতা কিনতে সাইকেল নিয়ে বের হয় সে। এরপর আর স্কুলে ফেরেনি, বাড়িতেও যায়নি। এদিকে বিকেলে হুরায়রার সাইকেলটি নিয়ে হাটে বিক্রি করতে যায় দুই কিশোর। পুলিশ সে সূত্র ধরে পাঁচ কিশোরকে আটক করে।
পরে কিশোরেরা পুলিশকে জানায়, সাইকেলটি বিক্রি করে স্মার্টফোন কিনতে চেয়েছিল তারা। সেই টাকা জোগাড়ের জন্য তারা আবু হুরায়রাকে শ্বাসরোধে হত্যা করেছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আজ সোমবার ভোর পাঁচটার দিকে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের বজলুর মোড় এলাকার একটি বাঁশঝাড় থেকে হুরায়রার লাশ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক কিশোরেরা মুঠোফোনে গেমসের নেশায় আসক্ত বলে জানিয়েছে।
আবু হুরায়রা কড়িবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। সে কড়িবাড়ি দক্ষিণপাড়ার মঞ্জুরুল ইসলামের ছেলে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আটক পাঁচ শিক্ষার্থীর মধ্যে একজন এ বছরের এসএসসি পরীক্ষা দেবে। তিনজন সপ্তম শ্রেণির ছাত্র এবং একজন স্থানীয় একটি মাদ্রাসায় পড়ে। তাদের বয়স ১৩ থেকে ১৬ বছরের মধ্যে।
পরিবারের লোকজন জানান, রোববার সকালে বাড়ি থেকে সাইকেল নিয়ে স্কুলের উদ্দেশে রওনা দেয় হুরায়রা। দুপুরে স্কুলে টিফিনের সময় নাশতা কিনতে সাইকেল নিয়ে স্কুলের বাইরে বের হয়ে নিখোঁজ হয় সে। অনেক খোঁজাখুঁজির পরও তার খোঁজ মেলেনি। পরে মোকামতলা পুলিশ তদন্তকেন্দ্রে খবর দেওয়া হয়।
মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) আশিক ইকবাল বলেন, পাশের গাবতলী উপজেলার ডাকুমারা হাটে পুরোনো সাইকেল বিক্রির বাজার বসে। রোববার বিকেলে দুজন কিশোর হাটে একটি সাইকেল বিক্রি করতে যায়। বাজারমূল্যের চেয়ে সাইকেলের দাম অনেক কম চাওয়ায় হাটের ইজারাদারের লোকজনের সন্দেহ হয়। তাঁরা সাইকেল বিক্রির টাকা নিতে অভিভাবককে ডেকে আনতে বললে ওই কিশোরেরা আর ফিরে আসেনি।
এর সূত্র ধরে নিখোঁজ হুরায়রার সন্ধান পেতে রাতেই দুই কিশোরকে আটক করা হয়। তাদের তথ্যের ভিত্তিতে পরে আটক করা হয় আরও তিনজনকে। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, মুঠোফোনে গেমসের নেশায় আসক্ত তারা। কিন্তু তাদের কোনো স্মার্টফোন নেই। স্মার্টফোন কেনার টাকার জন্য হুরায়রার সাইকেলে চোখ পড়ে তাদের। একপর্যায়ে হুরায়রাকে কৌশলে বাঁশঝাড়ে নির্জন স্থানে ডেকে নিয়ে শ্বাসরোধে হত্যার পর সাইকেল বিক্রি করতে হাটে যায় তারা। পরে হুরায়রার লাশ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ।
হুরায়রার বাবা মঞ্জুরুল ইসলামের কড়িবাড়ি বাজারে একটি মুদিদোকান রয়েছে। সঞ্চয়ের টাকা থেকে ছেলেকে বাইসাইকেলটি কিনে দিয়েছিলেন। তিনি বলেন, ‘আমার খুব আদরের সন্তান আবু হুরায়রা। একটি নতুন বাইসাইকেলের বায়না ধরেছিল। শখ করে তাকে একটি বাইসাইকেল কিনে দিয়েছিলাম। আর সেই বাইসাইকেলই আমার সন্তানের জীবনের জন্য কাল হলো।’
মোকামতলা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ আশিক ইকবাল বলেন, হাটের ইজারাদারের কাছ থেকে সাইকেলটি জব্দ করা হয়েছে। আটক কিশোরেরা থানায় আছে। এ ব্যাপারে হত্যা মামলা করার প্রস্তুতি চলছে।