জামালপুরে পিকআপ-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল তিনজনের
জামালপুরের মেলান্দহ উপজেলায় পিকআপ ভ্যান ও মালবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। আজ রোববার সকাল নয়টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বেতমারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তিনজন হলেন পিকআপ ভ্যানের চালক মো. কাজল (৩৫), আরোহী শাহ আলম (৩৫) ও চঞ্চল বর্মণ (২৭)। ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁদের লাশ মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে রেখেছেন। তাঁরা তিনজন গ্রামীণফোনের টাওয়ারের কাজ করতেন বলে পুলিশ জানিয়েছে।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ট্রাকের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। পিকআপে থাকা তিনজন মারা গেছেন। তাঁরা সবাই গ্রামীণফোনের টাওয়ারের কাজ করতেন। তাঁদের বিস্তারিত পরিচয় এখনো পাওয়া যায়নি। স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ তিনটি থানায় আনা হচ্ছে। তারপর ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।