বিশ্বকাপ ঘিরে উৎসবের আমেজ, আর্জেন্টিনা–ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা
ফিফা ফুটবল বিশ্বকাপের উত্তাপ দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়েছে। সাজ সাজ রব উঠেছে; বিরাজ করছে উৎসবের আমেজ। বিশ্বকাপকে স্বাগত জানিয়ে ব্রাজিল, আর্জেন্টিনাসহ বিভিন্ন দলের সমর্থকেরা আজ বুধবার বিভিন্ন স্থানে শোভাযাত্রা বের করেন। এ ছাড়া তাঁরা এলাকায় বড় বড় পতাকা টাঙিয়েছেন।
ময়মনসিংহ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্যান্ড বাজিয়ে ব্রাজিল সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে বিশ্বকাপ ফুটবল খেলাকে স্বাগত জানানো হয়েছে। আজ বুধবার বিকেলে প্রিয় দলের জার্সি পরে, হাতে বাঁশি, কালার স্প্রে ও বড় বড় পতাকা নিয়ে নেচে-গেয়ে শোভাযাত্রায় অংশ নেন তিন শতাধিক সমর্থক।
‘আঠারবাড়ি ব্রাজিল সাপোর্টার গ্রুপ’-এর উদ্যোগে এই শোভাযাত্রার আয়োজন করা হয়। বিকেল চারটার দিকে ঢাকঢোল, স্লোগান ও করতালিতে মুখর হয়ে ওঠে আঠারবাড়ী ইউনিয়ন। শোভাযাত্রাটি আঠারবাড়ি রায়ের বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে থেকে শুরু হয়ে ইউনিয়নের বিভিন্ন সড়ক ও বাজার প্রদক্ষিণ শেষে আঠারবাড়ী মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে গিয়ে শেষ হয়।
এ আয়োজনের অন্যতম উদ্যোক্তা সাজ্জাত রনি বলেন, ‘ফিফা বিশ্বকাপ ২০২৬-কে স্বাগত জানাতেই ব্রাজিল সমর্থকদের এই বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের অসংখ্য ভক্ত আজ আঠারবাড়িতে একত্র হয়ে প্রিয় দলের প্রতি ভালোবাসা ও সমর্থন প্রকাশ করেছেন। আমরা আশাবাদী, ব্রাজিল তাদের চিরচেনা নান্দনিক ও শৈল্পিক ফুটবল উপহার দিয়ে আবারও বিশ্বমঞ্চে শ্রেষ্ঠত্বের প্রমাণ দেবে এবং ইতিহাস গড়ে ষষ্ঠবারের মতো বিশ্বকাপ শিরোপা জিতবে।’
ফরিদপুর
ফরিদপুর শহরের হাজরাতলার মোড় এলাকায় বিসর্জন ঘাটে আজ বিকেলে ৫০ ফুট দৈর্ঘ্যের আর্জেন্টিনার পতাকা উত্তোলন করা হয়েছে। এলাকার কয়েকজন শিশু–কিশোরের উদ্যোগে এই পতাকা উত্তোলন করা হয়। এদের বয়স পাঁচ বছর থেকে ১৫ বছরের মধ্যে। এসব শিশু–কিশোরের মধ্যে আছে সজীব, রাহুল, আপন, আলিফ ও রিপন।
রাহুল বলে, তারা নিজেরা টাকা জমিয়ে এ পতাকা তৈরি করেছে। তাদের চাওয়া প্রিয় দল আর্জেন্টিনা এবার ট্রফি জিতুক।
ঝালকাঠি
ঝালকাঠিতে আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থকদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছে। আজ বিকেল সাড়ে চারটায় ঝালকাঠি মিনি স্টেডিয়াম প্রাঙ্গণ থেকে ‘আর্জেন্টিনা ফ্যান ফ্যামিলি’ সংগঠনের উদ্যোগে এই শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে থানার মোড়, কুমারপট্টি মোড়, আড়দ্দাপট্টি মোড়, ডাক্তার পট্টি মোড়, সাধনার মোড়, ফায়ার মোড়, চাঁদকাঠি মোড়, মিনিপার্ক, রোনালস রোড হয়ে লঞ্চঘাটের সামনে এসে শেষ হয়।
আয়োজক সংগঠনের সদস্য সাব্বির হোসেন বলেন, ‘গত বিশ্বকাপেও আমরা এমন শোভাযাত্রার আয়োজন করেছিলাম। তখন আমাদের ৩৬ বছরের বিশ্বকাপ না পাওয়ার আক্ষেপ ছিল। এবার আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে নতুন আশা ও প্রত্যাশা নিয়ে সমর্থন জানাচ্ছি।’
সিরাজগঞ্জ
সিরাজগঞ্জ শহরের মুজিব সড়কের হৈমবালা বালিকা বিদ্যালয়ের সামনে থেকে আজ বিকেলে ব্রাজিল সমর্থকদের অংশগ্রহণে বণ্যার্ঢ্য শোভাযাত্রা বের করা হয়। এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজার স্টেশনে এসে শেষ হয়।
ব্রাজিল সমর্থকেরা জাতীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন বহন করেন। এ সময় তাঁরা নিজেদের প্রিয় দলের পক্ষে বিভিন্ন স্লোগান দেন।
শোভাযাত্রার আয়োজকদের একজন নাট্যকর্মী মঞ্জুর আলম। তিনি বলেন, ‘ফুটবল ও ব্রাজিলের প্রতি ভালোবাসা থেকেই আমাদের এই আয়োজন। দুই হাজারের বেশি ফুটবলপ্রেমী এই শোভাযাত্রায় অংশ নিয়েছেন।’
এর আগে শুক্রবার সিরাজগঞ্জ শহরে আর্জেন্টিনার সমর্থকেরা দলের পতাকা নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন। ‘আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠী’র ব্যানারে আয়োজিত শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাজার স্টেশন গিয়ে শেষ হয়।
[প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়েছেন নিজস্ব প্রতিবেদক ময়মনসিংহ ও ফরিদপুর; প্রতিনিধি ঝালকাঠি ও সিরাজগঞ্জ]