সংযোগ সড়কের অপেক্ষায় সেতু

এক বছর আগেই সেতুটির নির্মাণকাজ শেষ হলেও ঠিকাদার গাফিলতি করে সংযোগ সড়কের কাজ আর ধরেননি।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংযোগ সড়ক না হওয়ায় দুর্ভোগে হাজারো মানুষ। গত শুক্রবার দুপুরে পটুয়াখালীর বাউফলের ভারানি খাল এলাকায়
ছবি: প্রথম আলো

সংযোগ সড়ক না থাকায় নির্মাণের এক বছরেও কাজে আসছে না পটুয়াখালীর বাউফলের মদনপুরা ইউনিয়নে ভারানি খালের ওপর নির্মিত মদনপুরা-দ্বিপাশা সেতুটি। মানুষজন মই–সাঁকো লাগিয়ে ঝুঁকি নিয়ে সেতুর ওপর দিয়ে চলাচল করছে। উপজেলার মদনপুরা ও কনকদিয়া ইউনিয়নের বাসিন্দারা এই সেতুর কারণে ভোগান্তি পোহাচ্ছেন।

এলাকাবাসী জানান, কাজের মেয়াদ শেষ হয়েছে আট মাস আগে। এরপরও ঠিকাদার সংযোগ সড়কের কাজ শুরুই করেননি। প্রতিদিন ঝুঁকি নিয়ে উঁচু সেতুতে উঠতে-নামতে গিয়ে বয়স্ক মানুষ, শিশু, নারীদের দুর্ভোগ বলে শেষ করা যাবে না। প্রতিদিন কেউ না কেউ দুর্ঘটনার শিকার হচ্ছেন।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে ঠিকাদার মো. গিয়াস উদ্দিন ১৯ মে প্রথম আলোকে মুঠোফোনে বলেন, জমিসংক্রান্ত জটিলতা ছিল। এ ছাড়া তিনি প্রায় চার মাসেরও বেশি সময় ধরে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এসব কারণে সংযোগ সড়ক নির্মাণে বিলম্ব হয়েছে। এক সপ্তাহের মধ্যে সংযোগ সড়কের কাজ শুরু করবেন।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, ভারানি খালের ওপর আগে একটি সেতু ছিল। সেটি ২০১৬ সালের শেষ দিকে ভেঙে পড়ে। ওই সময় থেকে স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ শুরু হয়। ২০২০-২১ অর্থবছরে দরপত্রের মাধ্যমে সেখানে পুনরায় সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।

২০ মিটার দীর্ঘ ও ১৫ ফুট প্রশস্ত সেতু এবং দুই পাশে ১৪০ মিটার সংযোগ সড়কের জন্য বরাদ্দ হয় ১ কোটি ৮০ লাখ টাকা। সেতুর কাজ পায় শাহিন এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তাদের হয়ে সাব-ঠিকাদার হয়ে সেতুটি নির্মাণ করেছেন স্থানীয় মো. গিয়াস উদ্দিন। সেতু নির্মাণকাজ শুরু হয় ২০২০ সালের ২২ সেপ্টেম্বর। কাজের মেয়াদ শেষ হয়েছে ২০২২ সালের ৪ সেপ্টেম্বর। এক বছর আগেই সেতুটির নির্মাণকাজ শেষ হলেও ঠিকাদার গাফিলতি করে সংযোগ সড়কের কাজ আর ধরেননি।

সেতুটির দুই পাশে সংযোগ সড়ক না থাকায় মানুষের ভোগান্তির কথা স্বীকার করে উপজেলা প্রকৌশলী মো. সুলতান হোসেন বলেন, সংশ্লিষ্ট ঠিকাদারকে বিশেষভাবে তাগিদ দেওয়া হয়েছে। আশা করছেন, অল্প সময়ের মধ্যে সেতুটির সংযোগ সড়কের নির্মাণকাজ শুরু ও শেষ হবে।

১৯ মে দুপুরে সরেজমিনে দেখা গেছে, ভারানি খালের ওপর দাঁড়িয়ে আছে মদনপুরা-দ্বিপাশা নবনির্মিত সেতুটি। সংযোগ সড়ক না হওয়ায় এর দুপাশ রাস্তা থেকে বিচ্ছিন্ন। সেতুতে যানবাহন চলাচল করতে না পারলেও স্থানীয় লোকজন সেতুর দুই পাশে বাঁশের তৈরি দুটি সাঁকো লাগিয়েছেন চলাচলের জন্য। এক পাশে আরও একটি মইও লাগানো রয়েছে। অনেককে মই ও সাঁকো দিয়ে সেতুতে ওঠানামা করতে দেখা গেল। এ সময় শম্পা রানী (৪৫) নামে স্থানীয় এক গৃহবধূ বলেন, সংযোগ সড়ক না থাকায় এক বছর ধরে বাধ্য হয়ে এভাবেই ঝুঁকি নিয়ে তাঁরা চলাচল করছেন।

কনকদিয়া স্যার সলিমুল্লাহ স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী মো. তানজিল বলেন, সেতুটি কোনো কাজে আসছে না। যানবাহন চলাচল করতে পারছে না। তাঁদের চলাচলের এই কষ্ট দেখার কেউ নেই।

সেতুর পূর্ব পাশের স মিল ব্যবসায়ী কবির হোসেন গাজী (৫০) বলেন, সেতুটির সংযোগ সড়ক না থাকায় এক পাশে থেকে আরেক পাশে গাছ আনা-নেওয়া করা যাচ্ছে না। এ কারণে তাঁর ব্যবসা প্রায় বন্ধের পথে। তাঁর এবং তাঁর মিলের শ্রমিকদের আয়-রোজগার কমে খুব কষ্টে দিন চলছে।

মদনপুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. গোলাম মোস্তফা বলেন, এই সেতু দিয়েই দ্বিপাশা, মদনপুরা ও কনকদিয়া এই তিন গ্রামের মানুষ উপজেলার কালাইয়া ও বগা হাটে যান। সেই সঙ্গে শিক্ষার্থীরা সোনামুদ্দিন মৃধা মাধ্যমিক বিদ্যালয়, দ্বিপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কনকদিয়া স্যার সলিমুল্লাহ স্কুল অ্যান্ড কলেজ ও দ্বিপাশা ইসলামিয়া দাখিল মাদ্রাসায় যায়।