সিলেটে ট্রাক থেকে চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার, বহিষ্কার

রহমত মারুফছবি: সংগৃহীত

সিলেটের জৈন্তাপুরে ট্রাকচালকদের কাছ থেকে চাঁদা দাবির অভিযোগে দায়ের করা একটি মামলায় ছাত্রদলের এক নেতা গ্রেপ্তার হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেল রহমত মারুফ নামের ওই নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। গ্রেপ্তারের আগে সংগঠন থেকেও বহিষ্কৃত হয়েছেন ওই নেতা।

গতকাল সন্ধ্যায় রহমত মারুফের বিরুদ্ধে গোয়াইনঘাটের বাসিন্দা ট্রাকচালক মাহফুজুর রহমান বাদী হয়ে মামলাটি করেন। মামলায় চাঁদা দাবি এবং চাঁদা দিতে অস্বীকার করায় মারধর ও ট্রাক ভাঙচুরের অভিযোগ আনেন।

মামলার পরপরই রহমত মারুফকে বহিষ্কার করে ছাত্রদল। গতকাল রাতে সিলেট জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদ ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে রহমত মারুফের বিরুদ্ধে সুস্পষ্ট প্রমাণসহ দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়।

পুলিশ ও লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গোয়াইনঘাট উপজেলার বাঘের সড়ক গ্রামের বাসিন্দা মাহফুজুর রহমান (২২) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সারী-গোয়াইন বেড়িবাঁধ প্রকল্পের নদী খননের মাটি পরিবহনের কাজে নিয়োজিত একটি ট্রাকের চালক। তিন মাস ধরে জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের বিরাখাই-হাটিরগ্রাম এলাকায় কাজ করছেন তিনি।

অভিযোগে বলা হয়, গতকাল বেলা একটার দিকে নদী খননের কাজে নিয়োজিত মাটিবাহী কয়েকটি ট্রাক বিরাখাই-হাটিরগ্রাম এলাকায় রহমত মারুফের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল। এ সময় বাবা জামাল আহমদসহ অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনকে নিয়ে ট্রাকগুলোর গতিরোধ করেন রহমত মারুফ। চালক ও শ্রমিকদের টেনেহিঁচড়ে গাড়ি থেকে নামিয়ে গালিগালাজ করা হয়। একপর্যায়ে প্রকল্পে কাজ করতে হলে প্রতিদিন ৬০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। এতে রাজি না হওয়ায় হামলা চালানো হয়।

এ ঘটনায় কয়েকজন আহত হন। ট্রাকচালক ও সহকারীদের কাছ থেকে টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ করা হয়েছে। ভাঙচুর করা হয় মাটি পরিবহনের কাজে নিয়োজিত ১০টি ট্রাক। এতে প্রায় ৩ লাখ ৮৫ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় মৌখিক অভিযোগের ভিত্তিতে গতকাল বিকেল পাঁচটার দিকে রহমত মারুফকে আটক করে পুলিশ। পরে লিখিত অভিযোগ পাওয়ার পর তা মামলা হিসেবে নথিভুক্ত করে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

স্থানীয় সূত্র জানায়, রহমত মারুফ উপজেলা ছাত্রদলের পরিচয়ের পাশাপাশি ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের সময় নিজেকে সমন্বয়ক হিসেবেও পরিচয় দিতেন।

সিলেটের সহকারী পুলিশ সুপার (কানাইঘাট ও জৈন্তাপুর সার্কেল) সালমান নূর আলম বলেন, মামলা দায়েরের পর অভিযুক্তকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ শুক্রবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।