৪৫ দিন আগে ক্যানসারে ছেলের মৃত্যু, এবার বাসায় মিলল মায়ের লাশ
চট্টগ্রাম নগরের পূর্ব মাদারবাড়ি এলাকায় নিজ বাসা থেকে নূর নাহার বেগম (৭৫) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর মুখে হালকা লালচে দাগ রয়েছে। ব্যবহৃত দুটি মুঠোফোনও পাওয়া যাচ্ছে না বলে পুলিশকে জানিয়েছেন তাঁর ছেলে।
গতকাল বুধবার সন্ধ্যা সাতটার দিকে সদরঘাট থানার পূর্ব মাদারবাড়ির সরকারি পুকুরপাড়সংলগ্ন বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার পরও বাসার পেছনের লোহার দরজা খোলা দেখে কয়েকজন ভাড়াটে ভেতরে যান। নূর নাহারের শোবার ঘরের দরজাও খোলা ছিল। ঘরে ঢুকে তাঁরা বিছানায় তাঁকে মৃত অবস্থায় দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
পুলিশ জানায়, নূর নাহার দীর্ঘদিন ধরে স্তন ক্যানসারে ভুগছিলেন। প্রায় ৪৫ দিন আগে রক্তের ক্যানসারে তাঁর এক ছেলে মারা যান। আরেক ছেলে বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তিনি সকাল সাতটার দিকে কর্মস্থলে যান, ফেরেন সন্ধ্যায়। দিনের বেলায় নূর নাহার বাসায় একাই থাকতেন। গতকাল সকালে কর্মস্থলে যাওয়ার সময় মায়ের সঙ্গে তাঁর কথা হয়েছিল বলে পুলিশকে জানিয়েছেন ওই ছেলে। নূর নাহারের এক মেয়ের শ্বশুরবাড়ি ঢাকায়।
সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ একরাম উল্লাহ প্রথম আলোকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মুখে হালকা লালচে দাগ থাকলেও মরদেহে অন্য কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
ওসি আরও জানান, নিহত নারীর ব্যবহৃত দুটি মুঠোফোন পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন তাঁর ছেলে। বাসার পেছনের লোহার দরজা খোলা থাকার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। ওই দরজা দিয়ে মূলত ভাড়াটেরা যাতায়াত করতেন। এখন মৃত্যু কীভাবে হয়েছে, তা তদন্তের পর বিস্তারিত বলা যাবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।