দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

দাউদকান্দির আহমেদাবাদ থেকে মেঘনা–গোমতী সেতুর টোল প্লাজা পর্যন্ত দীর্ঘ যানজট তৈরি হয়েছে। বুধবার দুপুরে দাউদকান্দির গৌরীপুর এলাকায়ছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দি এলাকায় গতকাল মঙ্গলবার দিবাগত রাত দুইটা থেকে তীব্র যানজট দেখা দিয়েছে। দাউদকান্দির আহমেদাবাদ থেকে মেঘনা–গোমতী সেতুর টোল প্লাজা পর্যন্ত ১০ কিলোমিটার এলাকায় এ যানজট তৈরি হয়। আজ বুধবার বেলা একটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত যান চলাচল স্বাভাবিক হয়নি।

এদিকে রোজার মধ্যে দীর্ঘক্ষণ আটকে থেকে চরম দুর্ভোগে পড়েন যানবাহনের চালক ও যাত্রীরা। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন নারী, শিশু, বয়স্ক ব্যক্তিসহ রোগীরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যানজট নিরসনে কাজ করে যাচ্ছে।

আজ বেলা ১১টার দিকে দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বলেন, নারায়ণগঞ্জে সনাতনীদের স্নানোৎসব চলায় রাত দুইটা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দির আমেদাবাদ থেকে মেঘনা-গোমতী সেতুর টোল প্লাজা পর্যন্ত ১০ কিলোমিটারে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। যান চলাচল স্বাভাবিক করতে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে হাইওয়ে পুলিশ।

কুমিল্লার হোমনা উপজেলার কলাগাছিয়া গ্রামের কৃষক আবদুর রশিদ বেলা সাড়ে ১১টার দিকে দাউদকান্দির পেন্নাই এলাকায় দাঁড়িয়ে ছিলেন। গুরুতর অসুস্থ বাবার চিকিৎসা করাতে মা–বাবাকে সঙ্গে নিয়ে ঢাকায় রওনা দিয়েছেন। আবদুর রশিদ প্রথম আলোকে বলেন, পেন্নাইয়ে এক ঘণ্টার বেশি সময় ধরে দাঁড়িয়ে আছেন। ঢাকাগামী কোনো বাসই সামনে এগোচ্ছে না। স্থবির হয়ে আছে। নিরূপায় হয়ে অসুস্থ বাবাকে নিয়ে বাড়িতে ফিরে যাচ্ছেন।

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর গ্রামের মো. তালহা রাজধানীর একটি মাদ্রাসায় অনার্স প্রথম বর্ষে পড়েন। জরুরি কাজে তিনি ঢাকায় রওনা দিয়ে বেলা ১১টায় মহাসড়কের দাউদকান্দি উপজেলায় গৌরীপুর এসে তীব্র যানজটে আটকা পড়েন। কখন ঢাকায় পৌঁছতে পারবেন সেই শঙ্কা নিয়ে অপেক্ষা করছেন তিনি।

হোমনার কলাগাছিয়া গ্রামের রবিউল ইসলাম বেলা সোয়া ১১টায় গৌরীপুর পদচারী–সেতুর ওপর দাঁড়িয়ে বলেন, জরুরি কাজে সকালে ঢাকায় রওনা দিয়ে যানজটে আটকা পড়েছেন। কীভাবে ঢাকায় পৌঁছাবেন ভেবে পাচ্ছেন না। তবে তাঁকে যেকোনো মূল্যে ঢাকায় পৌঁছাতে হবে।

দাউদকান্দির কাঁটারাপাড়া গ্রামের কাজি মোস্তফা কামাল দুপুর ১২টায় দাউদকান্দির শহীদনগরে দাঁড়িয়ে বলেন, পশ্চিমবঙ্গের মেহমানদের সঙ্গে ঢাকায় বেলা দুইটায় জরুরি সভা আছে। মেহমানরা যথাসময়ে ঢাকায় পৌঁছালেও তিনি কীভাবে পৌঁছাবেন ভেবে পাচ্ছেন না। দুই ঘণ্টায় তিন কিলোমিটার অতিক্রম করার পর বাস থেকে নেমে পড়েছেন। এখন বাড়ি ফিরে যাচ্ছেন।