চীন থেকে ছুটিতে বাড়ি এসে সড়কে প্রাণ গেল শিক্ষার্থীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

খুলনায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক তরুণ নিহত হয়েছেন। তাঁর নাম মেজবাহ উদ্দীন ওরফে জাহিন (২৪)।

তিনি চীনের একটি মেরিন ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াশোনা করছিলেন। সম্প্রতি ছুটিতে বাড়িতে আসেন মেজবাহ।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে খুলনা বাইপাসের ময়ূরী ব্রিজসংলগ্ন জয় বাংলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

খুলনা হরিণডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। মেজবাহ উদ্দীন সাতক্ষীরার তালা উপজেলার জুজখোলা গ্রামের নজরুল ইসলামের ছেলে।

তাঁর চাচাতো ভাই আবু সেলিম প্রথম আলোকে বলেন, মেজবাহ মোটরসাইকেলে করে খুলনা থেকে বাড়িতে ফিরছিলেন। জয় বাংলা মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাঁর মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মেজবাহর মৃত্যু হয়।

তালার পাটকেলঘাটা থানার ওসি কাঞ্চন কুমার বলেন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে আজ শুক্রবার মেজবাহর লাশ বাড়িতে আনা হবে।