কুষ্টিয়ায় মাদক মামলায় ছয়জনের যাবজ্জীবন
কুষ্টিয়ায় মাদক মামলায় ছয় আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম তিন আসামির উপস্থিতিতে রোববার দুপুরের দিকে এই রায় দেন। বাকি তিন আসামি পলাতক থাকায় তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া আসামিরা হলেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর গ্রামের হাবু (৩৮), একই উপজেলার ধর্মদহ গ্রামের বাবলু (৪৩), মুসলাম (৪০), জাহাঙ্গীর (৪০), বকুল (৩৮) ও জাইদুল (৩৩)।
রায় ঘোষণার সময় আদালতে হাবু, জাহাঙ্গীর ও জাইদুল উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক। রায় ঘোষণার পরপরই পুলিশি পাহারায় তিন আসামিকে জেলা কারাগারে পাঠানো হয়। এ মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় লালু, লালন ও রিপন নামের তিনজনকে খালাস দিয়েছেন আদালত।
মামলার সংক্ষিপ্ত বিবরণী সূত্র জানায়, ২০১৪ সালের ২৪ মে বিকেলে দৌলতপুর উপজেলার ধর্মদহ গ্রামের বেলতলা মাঠে জেলা গোয়েন্দা পুলিশের একটা দল মাদকবিরোধী অভিযানে যায়। এ সময় পানের বরজসংলগ্ন একটি গর্ত থেকে ৫টি প্লাস্টিকের বস্তায় ৬৭১ বোতল ফেনসিডিল ও ১০টি সাদা পলিথিনে মোড়ানো ৪৬ কেজি গাঁজা জব্দ করে পুলিশ। এ ঘটনায় সেদিনই আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দৌলতপুর থানায় মামলা হয়।
মামলাটি তদন্ত শেষে গোয়েন্দা পুলিশের কর্মকর্তা এস এম জাহিদ-বিন আলম আসামিদের বিরুদ্ধে ২০১৪ সালের ২৩ জুন আদালতে অভিযোগপত্র জমা দেন। সাক্ষীর সাক্ষ্য প্রমাণ শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় আসামিদের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন আদালত।
আদালতের সরকারি কৌঁসুলি অনুপ কুমার নন্দী বলেন, মাদক মামলায় দোষী প্রমাণিত হওয়ায় ছয়জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। তিনজনকে খালাস দিয়েছেন আদালত।