বগুড়ার প্রত্যন্ত গ্রামে আত্মগোপনে ছিলেন চেয়ারম্যানের প্রধান সহযোগী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেজাউল করিম
ছবি: সংগৃহীত

জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানি হত্যাকাণ্ডে অভিযুক্ত সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহমুদুল আলম ওরফে বাবুর প্রধান সহযোগী এবং মামলার ৪ নম্বর আসামি রেজাউল করিমকে (২৮) বগুড়ার দুপচাঁচিয়া থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১২। শনিবার সন্ধ্যায় উপজেলার জিয়ানগর বাজারসংলগ্ন বালুকাপাড়া গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর রেজাউলকে র‍্যাব-১২-এর বগুড়া ক্যাম্পে আনা হয়। র‍্যাব জানায়, হত্যাকাণ্ডের পর রেজাউল যমুনা পাড়ি দিয়ে দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর গ্রামে এক আত্মীয়ের বাড়িতে আত্মগোপন করেছিলেন।

র‍্যাব-১২ বগুড়ার ক্রাইম প্রিভেনশন কোম্পানি-৩-এর অধিনায়ক মীর মনির হোসেন বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করে বলেন, রেজাউল করিম সাংবাদিক গোলাম রব্বানি হত্যাকাণ্ডের মূল হোতা এবং প্রধান আসামি ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলমের প্রধান সহযোগী। ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা গেছে, রেজাউল মোটরসাইকেল থেকে প্রথমে ওই সাংবাদিককে ফেলে দেন। এরপর বাকিরা তাঁর ওপর অতর্কিত হামলা করেন। হত্যাকাণ্ডের পর তিনি জামালপুর থেকে যমুনা নদী পার হয়ে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর গ্রামে এক আত্মীয়ের বাড়িতে আত্মগোপন করেছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ সন্ধ্যায় জিয়ানগর বাজারসংলগ্ন বালুকাপাড়া গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁকে জামালপুর র‍্যাব ক্যাম্পে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন

দুপচাঁচিয়ার জিয়ানগর ইউপির চেয়ারম্যান আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, জামালপুরের সাংবাদিক গোলাম রব্বানি হত্যাকাণ্ড ঘটিয়ে রেজাউল জিয়ানগর বাজারসংলগ্ন বালুকাপাড়ায় আত্মীয়ের বাড়িতে এসে ঘাপটি মেরেছিলেন। সেটা এলাকাবাসী ঘুণাক্ষরে জানতেও পারেননি। জামালপুর তো যমুনা নদীর ওপারের জেলা। সেখানে কী ঘটেছে, সেটা প্রত্যন্ত এলাকার মানুষ জানতেন না। র‍্যাব গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় বিষয়টি জানাজানি হয়।

এর আগে আজ ভোরে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের চর তিস্তাপাড়া এলাকা থেকে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলমকে দুই সহযোগীসহ গ্রেপ্তার করে র‍্যাব। মাহমুদুল সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। পরে হেলিকপ্টারে করে তাঁদের ঢাকার কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে আনা হয়।

আরও পড়ুন

বুধবার রাত ১০টার দিকে বাড়িতে ফেরার পথে বকশীগঞ্জের পাটহাটি মোড়ে সন্ত্রাসীদের হামলার শিকার হন সাংবাদিক গোলাম রব্বানি। এ সময় তাঁকে মারধর করা হয়। একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়লে সন্ত্রাসীরা তাঁকে ফেলে পালিয়ে যায়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় গোলাম রব্বানির স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে আজ বকশীগঞ্জ থানায় হত্যা মামলা করেন। এতে ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলমকে প্রধান আসামি এবং তাঁর ছেলেকে ২ নম্বর আসামি করে ২২ জনের নাম উল্লেখ করা হয়। মামলায় ২০ থেকে ২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

গোলাম রব্বানি অনলাইন নিউজ পোর্টাল বাংলা নিউজ টোয়েন্টিফোর ডটকমের জামালপুর জেলা প্রতিনিধি ছিলেন। একই সঙ্গে তিনি একাত্তর টিভির বকশীগঞ্জ উপজেলার সংবাদ সংগ্রাহক হিসেবে কাজ করতেন।