লালপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলের আরোহী তিন তরুণ নিহত
নাটোরের লালপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলের আরোহী তিন তরুণ নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার শেকচিলান গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত তিনজন হলেন, সিংড়া উপজেলার সোনাইডাঙ্গা গ্রামের বিষ্ণু সরকারের ছেলে বিধান সরকার (১৮), তাঁর ফুপাতো ভাই লালপুরের শেকচিলান গ্রামের রতনের ছেলে স্বপন (১৯) ও প্রতিবেশী শিবেন মজুমদারের ছেলে শ্রাবণ মজুমদার (১৮)।
নিহতের স্বজন ও স্থানীয়দের বরাত দিয়ে লালপুর থানা–পুলিশ জানায়, বিধান দুই দিন আগে লালপুরের শেকচিলান হিন্দু পাড়ায় তাঁর ফুপুর বাড়িতে বেড়াতে আসেন। আজ মঙ্গলবার সকালে বিধান, স্বপন ও শ্রাবণ মোটরসাইকেলে বেড়াতে বের হন। স্থানীয় একটি বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখে তাঁরা ওয়ালিয়া-শেকচিলান সড়ক দিয়ে বাড়িতে ফিরছিলেন। বেলা ১২টার দিকে শেকচিলান গ্রামে ঢোকার পথে মোটরসাইকেলটিকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই শ্রাবণ ও বিধান মারা যান। হাসপাতালে নেওয়ার পথে আহত স্বপনের মৃত্যু হয়।
শেকচিলানের বাসিন্দা আবদুল খালেক বলেন, ফুপুর বাড়িতে বেড়াতে এসে মোটরসাইকেল দুর্ঘটনায় বিধান নিহত হয়েছেন। তাঁর সঙ্গে আরও দুজন মারা গেছেন। ট্রাকের চালক তাঁদের মোটরসাইকেলকে চাপা দিয়ে পালানোর চেষ্টা করেছিলেন। তবে ট্রাকটি রাস্তার পাশে পড়ে যায়। ট্রাকের চালক ও তাঁর সহকারী পালিয়ে যান।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। চালককে আটক করার চেষ্টা চলছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। নিহত ব্যক্তিদের মরদেহের ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি। থানায় কেউ কোনো অভিযোগও দেননি।