বিতর্কিত সংসদ নির্বাচনে ‘অতি উৎসাহী’ কর্মকর্তাদের বিরুদ্ধে এ মাসে ব্যবস্থা নেওয়া হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে প্রশাসনের কর্মকর্তাদের ভূমিকা নিয়ে কথা বলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোখলেস উর রহমান। বৃহস্পতিবার সন্ধ্যায় রংপুর সার্কিট হাউসে
ছবি: প্রথম আলো

২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের বিতর্কিত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে যেসব জেলা প্রশাসক রিটার্নিং কর্মকর্তা হিসেবে ‘অতি উৎসাহী’ ও ‘অতিরঞ্জিত’ হয়ে কাজ করেছেন, তাঁদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোখলেস উর রহমান। আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের এ কথা বলেন জ্যেষ্ঠ সচিব। এর আগে রংপুর বিভাগের প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

মোখলেস উর রহমান বলেন, ‘এটা একটা চলমান প্রক্রিয়া। এই সরকার আসার পাঁচ মাস সময় হয়েছে। যত শিগগির সম্ভব আমরা এটা করব। বিতর্কিত নির্বাচনে অতি উৎসাহী ও দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বিরুদ্ধে এ মাসেই ব্যবস্থা নেওয়া হবে।’

প্রশাসনের দুর্নীতি এখনো আছে উল্লেখ করে মোখলেস উর রহমান বলেন, ‘দুর্নীতি ছিল, আছে। মাত্রার মধ্যে যেন থাকে। সহনীয় পর্যায়ে থাকে। আমরা দুর্নীতিমুক্ত প্রশাসন আশা করতে পারি, কিন্তু বাস্তবের সঙ্গে আশার তফাত অনেক।’

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই জ্যেষ্ঠ সচিব বলেন, সরকারি কর্মকর্তারা ২৫ বছর চাকরি করলে তাঁদের অবসর দেওয়া যায়। কিন্তু জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশে ২৫ বছর থেকে নামিয়ে ১৫ করা হয়েছে। দুর্নীতি কমাতে সরকার যদি এটা মানে, তাহলে এটি করা হবে।

জনপ্রশাসনে স্থবিরতা আছে কি না, এই প্রশ্নে মোখলেস উর রহমান বলেন, ‘দীর্ঘ ১৬ বছরে আওয়ামী লীগ সরকার ভালো ও গ্রহণযোগ্য কোনো অফিসার রেখে যায়নি। হঠাৎ করে তো কাউকে নিয়ে আসা যায় না। গত ৫ আগস্টের পরে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের বদলি করা হয়েছে। কিছু ইউএনও আছে, হয়তো থাকবে। গত তিন-চার বছরে কোনো নিয়োগ হয়নি।’

এ সময় রংপুরের বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল তাঁর সঙ্গে ছিলেন।