বইয়ে পড়া ষাটগম্বুজ মসজিদ ছুঁয়ে অনুভব করলেন দৃষ্টিশক্তিহীন সাইফুল, পাশে ছিলেন বন্ধুরা

বাগেরহাট জাদুঘরের ব্রেইল পদ্ধতিতে এখানকার ইতিহাস-ঐতিহ্য সম্পর্কে পড়ছেন সাইফুলছবি: সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ষাটগম্বুজ মসজিদ সম্পর্কে স্কুলে পড়ার সময় প্রথম জেনেছি। একটা গল্পে পড়েছিলাম খানজাহান আলী (র.) সম্পর্কে। তারপর ইতিহাসে পড়েছি। এখন সেই সব স্থাপনা-কীর্তির সামনে আমি। স্পর্শ করে দেখছি, অনুভব করছি, সামনাসামনি অবগত হওয়ার সুযোগ পেয়েছি। এখানে আসতে পেরে আমার খুবই ভালো লাগছে। আমি সব বন্ধু এবং শিক্ষকদের সঙ্গে এই ট্যুরের অংশ হতে পেরেছি।’

কথাগুলো বলছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী দৃষ্টিশক্তিহীন মো. সাইফুল ইসলাম। এক অসুখে জন্মের মাত্র দুই বছর বয়সেই দৃষ্টিশক্তি হারান সাইফুল। এর পর থেকে চলাফেরাসহ অন্য সব কাজে কারও না কারও সাহায্য নিতে হয়। সেই সাইফুল ৫ ডিসেম্বর ইতিহাস বিভাগের ৪৭তম ব্যাচের একজন হিসেবে ইউনেসকো ঘোষিত বিশ্ব ঐতিহ্য ঐতিহাসিক মসজিদের শহর বাগেরহাটে যান। সাইফুলসহ বিভাগটির ৭২ জন খুলনা, বাগেরহাট এবং সুন্দরবনের করমজল ঘুরে ৬ ডিসেম্বর ফেরেন জাহাঙ্গীরনগরে।

সাইফুল ইসলাম বলেন, ঘুরতে তাঁর বরাবরই ভালো লাগে। তবে সে সুযোগ সব সময় পাওয়া যায় না। যেহেতু চোখে দেখতে পান না, তাই একটা প্রতিবন্ধকতা সব সময়ই থাকে। তবে বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর বন্ধুরা তাঁকে সব সময় সহযোগিতা করে আসছেন।

বন্ধুদের সঙ্গে এর আগে বগুড়া জেলার মহাস্থানগড়, কক্সবাজার ও সেন্ট মার্টিনও গিয়েছিলেন সাইফুল। তিনি বলেন, ‘আমি তো আসলে চোখ দিয়ে দেখতে পারি না। এটি বুঝতে পেরে ষাটগম্বুজ মসজিদের এক কর্মকর্তা আমাকে স্পর্শ করিয়ে দেখার সুযোগ করে দেন। আমি আঙুলের স্পর্শে ছুঁয়ে দেখেছি, অনুভব করেছি। এতে আমার বুঝতে সহজ হয়েছে।’

ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদের সামনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থীরা
ছবি: সংগৃহীত

বন্ধুদের প্রতি নিজের কৃতজ্ঞতার কথা জানিয়ে সাইফুল বলেন, ‘আমার বন্ধুরা সবাই অনেক আন্তরিক। তারা হাত ধরে আমাকে প্রতিটি জায়গায় নিয়ে গেছে। ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ, খানজাহান আলীর মাজার, ওই আমলের প্রাচীন রাস্তাসহ বিভিন্ন স্থাপনা এবং সুন্দরবনের করমজল ও খুলনার গণহত্যার যে যে জায়গায় আমরা গিয়েছি, তারা আমাকে ধরে ধরে নিয়ে গেছে। গাড়িতে ওঠানামা, হাঁটাচলাসহ প্রতিটি কাজে আমাকে সহযোগিতা করেছে।’

সাইফুলের বন্ধু মো. মামুন মিয়া প্রথম আলোকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর প্রথম দিন সাইফুলের সঙ্গে পরিচয়ে অবাক হয়েছি। চোখ দিয়ে দেখতে না পারলেও সে মেধাতালিকায় ৩০তম হয়েছিল। ইতিহাস নিয়ে আগ্রহ বলে সে এই বিভাগে ভর্তি হয়। ভর্তির কিছুদিন পর আমরা ভালো বন্ধু হয়ে যাই। আমরা ৪-৫ জন সব সময় চেষ্টা করি ওকে সহযোগিতা করতে। কখনো বুঝতে দিই না, ও যে চোখে দেখতে পায় না।’

বন্ধুদের হাত ধরে ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ, খানজাহান আলীর মাজার, সুন্দরবনের করমজলসহ বিভিন্ন স্থান ঘুরে এসেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী দৃষ্টিশক্তিহীন মো. সাইফুল ইসলাম
ছবি: সংগৃহীত

সহপাঠীরা কখনোই সাইফুলকে নিজেদের থেকে আলাদা করে দেখেন না উল্লেখ করে তাঁর আরেক বন্ধু রাবেয়া সুলতানা বলেন, ‘আমরা কখনো প্রতিবন্ধকতার জন্য সাইফুলকে আলাদা হতে দিই না। ও যেহেতু দেখে পড়তে পারে না, সে জন্য আমরা পড়ে শোনালে ও বিষয়গুলো মুখস্থ করে নেয়। দেখা যাচ্ছে দুই–তিনজন আছে ওরা নিয়মিত হল থেকে ওকে ক্লাসে নিয়ে আসে। প্রথম দিকে ও দৃষ্টিহীনদের ব্যবহৃত ছড়ি নিয়ে চলাফেরা করত। তবে এখন আর ক্যাম্পাসে সাইফুলের ছড়ি লাগে না। আমরা বন্ধুরাই এখন ওর ছড়ি।’

শিক্ষার্থীদের এই ট্যুর নিয়ে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মোহাম্মদ গোলাম রব্বানী প্রথম আলোকে বলেন, ‘এটি ৫০ নম্বরের একটি পরীক্ষার অংশ। প্রত্যেক শিক্ষার্থীকে এই ভ্রমণের ওপর প্রতিবেদন দিতে হবে। আমরা সব সময় চেয়েছি সাইফুল ট্যুরে যাবে, অন্য শিক্ষার্থীদের সঙ্গে সরেজমিন সবটা অনুভব করবে। তাঁকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়াসহ সবকিছুই বন্ধুরা স্বপ্রণোদিত হয়ে করেছে। বিশ্ববিদ্যালয়ে এমনকি এই ভ্রমণেও সাইফুল সাদা ছড়ি ব্যবহার করেনি। পুরো ভ্রমণে বন্ধুরাই ওর ছড়ি হয়ে ছিল।