শিশু অপহরণ করে হত্যার পর মাইকিং করেন দুই প্রতিবেশী, ৭২ দিন পর গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় সাত বছরের শিশু মুস্তাকিনকে অপহরণ করে হত্যার ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ঝগড়ার পর হাশিম মিয়া নামের এক ব্যক্তির ওপর প্রতিশোধ নিতে তাঁর সাত বছরের ছেলেকে অপহরণ করে হত্যা ও লাশ গুমের ঘটনা ঘটেছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় ৭২ দিন পর এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জিজ্ঞাসাবাদে শিশুটিকে হত্যার কথা স্বীকার করেছেন তাঁরা। পুলিশি জিজ্ঞাসাবাদে জানা গেছে, শিশুটিকে হত্যার পর পরিবারের সঙ্গে তাকে খুঁজতে বের হয়েছিলেন তাঁরা। করেছেন মাইকিং। আজ বুধবার জেলা ও ফতুল্লা মডেল থানা–পুলিশ সূত্রে এ তথ্য জানা যায়।

গ্রেপ্তার দুজন হলেন নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা লামাপাড়া দরগাহ বাড়ি মসজিদ–সংলগ্ন সালাম মিয়ার বাড়ির ভাড়াটে তানজিল (২৪) ও নুর মোহাম্মদ ওরফে শাহ আলম (২০)। নিহত শিশু মুস্তাকিনের (৭) পরিবারও ওই বাড়ির ভাড়াটে।

গ্রেপ্তার দুজনকে জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুজন ও নিহত শিশুর পরিবার পাশাপাশি ভাড়া বাসায় বসবাস করত। একটি মুঠোফোন নিয়ে তানজিলের সঙ্গে নিহত শিশু মুস্তাকিনের বাবা হাশিম মিয়ার ঝগড়া হয়। এতে তানজিল তাঁর একই বাসার ভাড়াটে সহযোগী নুর মোহাম্মদকে নিয়ে শিশুটিকে অপহরণ করে হত্যার পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী ৫ জানুয়ারি সন্ধ্যার দিকে প্রথমে শিশুটির হাতে ২০ টাকা দেন তানজিল। পরে চিপসের দুটি প্যাকেট কিনে দিয়ে অটোরিকশায় করে শিশুটিকে কেরানীগঞ্জের কাওটাইল এলাকায় নিয়ে যান। সেখানে একটি ঝোপের ভেতরে শিশুটির মুখে স্কচটেপ পেঁচিয়ে মাটিতে শুইয়ে দেন নুর মোহাম্মদ। এ সময় তানজিল শিশুটিকে একাধিকবার ছুরিকাঘাত করে মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থলে ফেলে চলে যান।

পুলিশ আরও জানায়, শিশুটিকে বিভিন্ন জায়গায় খুঁজে না পেয়ে তার পরিবার বিভিন্ন জায়গায় মাইকিং করে। সে সময় এই দুজনও মাইকিংয়ে অংশ নেন। দু–তিন দিন পর তাঁরা গ্রামের বাড়ি ময়মনসিংহ চলে যান। ঘটনার ১৩ দিন পর ১৮ জানুয়ারি কেরানীগঞ্জ থানা–পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে। কোনো পরিচয় না পাওয়ায় লাশটি অজ্ঞাত হিসেবে দাফন করা হয়। পরে ২০ জানুয়ারি কেরানীগঞ্জ থানায় পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা করে।

এর আগে শিশুটির বাবা ৬ জানুয়ারি ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে নিখোঁজ শিশুর সন্ধান না পেয়ে তার বাবা ১৪ ফেব্রুয়ারি ফতুল্লা মডেল থানায় একটি অপহরণ মামলা করেন। সেই মামলার তদন্তে নেমে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় হত্যাকাণ্ডের ৭২ দিন পর গতকাল মঙ্গলবার সকাল নয়টার দিকে ময়মনসিংহ জেলার নান্দাইল থানার নান্দাইল উপজেলার সামনে থেকে প্রথমে নুর মোহাম্মদ ওরফে শাহ আলমকে, পরে একই জেলার ফুলবাড়িয়া থানার কাচিজোড়া থেকে তানজিলকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁদের তথ্যানুযায়ী, পুলিশ রাত আটটার দিকে ফতুল্লা থানার লামাপাড়ায় তানজিলদের বাসা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত সুইচগিয়ারটি উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) হাসিনুজ্জামান জানান, শিশুটির বাবার ওপর প্রতিশোধ নিতেই ফতুল্লা থেকে শিশুটিকে অপহরণ করে নদীর ওপারে কেরানীগঞ্জ থানার কাওটাইল এলাকায় নিয়ে হত্যা করা হয়। সেখানকার পুলিশ নিহত শিশুটির লাশ উদ্ধার করে পরিচয় না পেরে অজ্ঞাত হিসেবে দাফন করেছে। জিজ্ঞাসাবাদে তানজিল ও নুর মোহাম্মদ হত্যাকাণ্ডের বিষয়টি স্বীকার করেছেন। তাঁদের কথামতো কেরানীগঞ্জ থানায় যোগাযোগ করা হলে শিশুটির পরিবারের সদস্যরা থানায় গিয়ে পুলিশের কাছে রাখা নিহত শিশুর জামাকাপড় দেখে অজ্ঞাত হিসেবে দাফন করা শিশুটির পরিচয় শনাক্ত করতে পেরেছেন।